ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট পৌরসভা ও মীরসরাই সদর অংশের কয়েকটি ময়লার স্তূপের ফলে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বারইয়ারহাট অংশে ইউটার্নের পাশের ময়লার স্তূপে আগুন জ্বালানোর ফলে সৃষ্ট ধোঁয়ায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। সম্প্রতি ডেঙ্গুর বিস্তার স্বাস্থ্য ঝুঁকি আরো বাড়িয়েছে।
মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকা বাণিজ্যিক জোন। ব্যস্ততম এই পৌর এলাকার মহাসড়কের দক্ষিণ ইউটার্নের পাশে দীর্ঘদিন ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। মহাসড়কের পাশ থেকে ময়লা আবর্জনার স্তূপ পর্যায়ক্রমে সড়কের বৃহৎ অংশেও ফেলা শুরু হওয়ার পর আলোচনা হয়েছিল ডাম্পিং স্টেশন নির্মাণ হওয়ার আগ পর্যন্ত মহাসড়ক থেকে দূরে ময়লা ফেলে সেগুলো আবার দ্রুত বিনষ্ট করার ব্যবস্থা করা। কিন্তু আলোচনা হলেও এর বাস্তবায়ন হয়নি। বরং ময়লার স্তূপ আরও বিস্তৃত হওয়ার ফলে সড়কে যানবাহন চলাচলের স্থানও সংকুচিত হয়ে আসছে। মহাসড়কের ওই স্থান অতিক্রমকালে তীব্র দুর্গন্ধ ভোগান্তি বাড়িয়েছে।
স্থানীয় দোকানি শরাফত উল্লাহ (৪২) বলেন, এখানে দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে ময়লা–আবর্জনা। যা এখন স্থায়ী ভাগাড়ে রূপ নিয়েছে। এখানকার পচা আবর্জনা থেকে ছড়ানো উৎকট গন্ধে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং যানবাহনের যাত্রীদের নাক–মুখ চেপে চলাচল করতে হচ্ছে। একে তো দুর্গন্ধ, তার ওপর ধোয়ায় দম বন্ধ হওয়ার উপক্রম হয়। গাড়িগুলোও একটা আরেকটাকে দেখে না অনেক সময়। দুর্ঘটনার ঝুঁকি ও রয়েছে।
স্কুল শিক্ষার্থী রকিবুল হাসান (১৬) বলেন, উন্মুক্ত স্থানে বর্জ্য পচে মশা–মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের জোরারগঞ্জ হাইওয়ে ইনচার্জ রকিবুল হাসান বলেন, মহাসড়কের এই ইউটার্নের পাশে এভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টি হওয়ার বিষয়ে পৌর প্রশাসক মহোদয়কে আমরা চিঠি দিয়েছি। তিনি শীঘ্রই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
বারইয়াহাট পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আমি সদ্য যোগদান করায় পূর্ববর্তী অবস্থানগুলো সম্পর্কে অবগত নই। তবে এখানকার ময়লার স্তূপ অপসারণসহ অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ সকল বিষয়াদির বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, উপজেলার মিঠাছরা বাজার সংলগ্ন ইউটার্ন এলাকায়ও বাজারের সকল বর্র্জ্য মহাসড়কের উপরেই ফেলায় দূষণ ও যান চলাচলে ঝুঁকি বেড়েছে। এ বিষয়ে মীরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, বাজার ব্যবস্থাপনায় দায়িত্বরত ব্যক্তিদের শীঘ্রই তলব করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে। সম্প্রতি এমনিতেই ডেঙ্গুসহ নানা ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। তাই এমতাবস্থায় কোনো স্থানেই ময়লা আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ কাম্য নয়। তিনি পৌর এলাকাসহ আসেপাশের হাটবাজারে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান করা হবে বলে জানান।












