কেলেঙ্কারির জেরে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক ব্যবসায়ী নারীর সঙ্গে সম্পর্কের জেরে চিপ জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়তে বাধ্য হলেন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, গত কয়েক দিন ধরে নানা আলোচনা আর টানাপোড়েনের পর গতকাল বৃহস্পতিবার এনভিডিয়া হুয়াংয়ের পদত্যাগের কথা জানায়। হুয়াংয়ের জায়গায় আপাতত দায়িত্ব নিচ্ছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস। স্থায়ী প্রধান নির্বাহী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। খবর বিডিনিউজের।

চীনা গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে অভিযুক্ত সাবেক এক প্রযুক্তি নির্বাহীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর জেনসেনকে নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এর দুদিনের মধ্যেই জেনসেনের এই পদত্যাগের খবর এল। ওই সময় পর্ষদ বলেছিল, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনো প্রাইভেসি লঙ্ঘন হয়েছে এমন কোনো তথ্য তাদের জানা নেই। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এ বিষয়ে এফবিআইও তদন্ত করছে।

এরপর নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে লিখেছে, জেনসেন তার অধীনে কর্মরত এক এনভিডিয়া নির্বাহীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন ও এ বছর এক কোম্পানির সম্মেলনে একটি হোটেলে তাদের দেখা গেছে।

এআই শিল্পের মূল চালিকাশক্তিতে পরিণত হওয়া কোম্পানি এনভিডিয়ার জন্য জেনসেনের এই বিদায় এক নাটকীয় মোড়। ১৯৯৩ সালে সহ–প্রতিষ্ঠাতা হিসেবে যাত্রা শুরুর পর থেকেই তিনি কোম্পানিটির সিইও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার নেতৃত্বেই সাধারণ থ্রি–ডি গ্রাফিক্স কোম্পানি থেকে ৪ ট্রিলিয়ন ডলারের বেশি দামের কোম্পানিতে রূপান্তরিত হয়েছে এনভিডিয়া। সামপ্রতিক বছরগুলোতে এনভিডিয়ার শেয়ারের দাম আকাশচুম্বী হওয়ার সঙ্গে সঙ্গে এআই বিপ্লবের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন জেনসেন। নিজের চিরচেনা কালো চামড়ার জ্যাকেট পরে মার্ক জাকারবার্গ ও সাত্যিয়া নাদেলার মতো শীর্ষ প্রযুক্তি নির্বাহীদের সঙ্গে বিভিন্ন আয়োজনে প্রায়ই তাকে দেখা যেত। কেলেঙ্কারির বিষয়টি সামনে আসার পর এনভিডিয়া ও জেনসেন উভয়কেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশে প্রথম ‘উধাও’ গ্রহের সন্ধান, নেপথ্যে প্রতিবেশীর কারসাজি