ইতিহাস থামানো যাবে না, তাইওয়ানকে এক হতেই হবে : শি জিনপিং

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:২৮ পূর্বাহ্ণ

‘ইতিহাসের স্রোত থামানো যাবে না’ মন্তব্য করে তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ ‘পুনরেকত্রীকরণের’ আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে তিনি বলপ্রয়োগের কোনও উল্লেখ না করলেও তাইপের পক্ষ থেকে তার এই বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন; যদিও তাইপে বরাবরই তা জোরালোভাবে প্রত্যাখ্যান করে আসছে। খবর বিডিনিউজের।

বেইজিং তাইওয়ানকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ কাঠামোর আওতায় স্বায়ত্ত্বশাসনের প্রস্তাব দিয়ে এলেও দ্বীপদেশটির কোনও প্রধান রাজনৈতিক দলই তা সমর্থন করে না। বিপ্লবী নেতা সান ইয়াত–সেনের ১৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ভাষণ দেন শি জিনপিং। ১৯১১ সালের যে বিপ্লবের মধ্য দিয়ে চীনে শতাব্দীপ্রাচীন রাজতন্ত্রের অবসান ঘটে এবং ‘রিপাবলিক অব চায়না’ প্রতিষ্ঠিত হয়, সান ইয়াত–সেন ছিলেন তার অন্যতম রূপকার। ভাষণে শি বলেন, চীন ‘শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ এবং এক দেশ, দুই ব্যবস্থা’ নীতিতে অটল রয়েছে। ‘এক চীন নীতি’–অর্থাৎ তাইওয়ান প্রণালির উভয় পাশ একই দেশের অংশ–বেইজিংয়ের এই অবস্থান মেনে নিলে তারা তাইওয়ানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

তাইওয়ান প্রশ্নে বলপ্রয়োগের পথ চীন কখনোই আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেনি। বৃহস্পতিবার শি বলপ্রয়োগের কথা উল্লেখ না করলেও চীনা সামরিক বাহিনী দ্বীপটির চারপাশে নিয়মিত সামরিক তৎপরতা চালাচ্ছে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের পরিধি আরও বিস্তৃত করছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে চীনা যুদ্ধজাহাজের পাশাপাশি জে–১৬ যুদ্ধবিমান ও ড্রোনসহ ২৯টি চীনা সামরিক আকাশযানকে দ্বীপের চারপাশে ‘যৌথ যুদ্ধপ্রস্তুতি টহল’ দিতে দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধকারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন
পরবর্তী নিবন্ধমহাকাশে প্রথম ‘উধাও’ গ্রহের সন্ধান, নেপথ্যে প্রতিবেশীর কারসাজি