জুম্‌’আর খুতবা

কুরআন ও হাদিসের আলোকে আত্মসংশোধন ও তাকওয়ার গুরুত্ব

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

কুরআনের আলোকে আত্মসংশোধন ও আত্মশুদ্ধির গুরুত্ব:

আত্মশুদ্ধি বা তাযকিয়ায়ে নফস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। এর অর্থ হলো মানুষের অন্তর ও আত্মাকে শিরক, কুফর, মুনাফিকী, হিংসা অহংকার, বিদ্ধেষ, লোভ লালসা ও অন্যান্য ব্যাধি থেকে আত্মাকে পবিত্র করা এবং ঈমান ইখলাস বিনয় ধৈর্য কৃতজ্ঞতা ও উত্তম চরিত্রে নিজেকে গড়ে তোলা। মহান আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে এরশাদ করেছেন, “সেই সফলকাম হয়েছে, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর সে ব্যর্থ হয়েছে যে নিজের আত্মাকে কলুষিত করেছে। (সূরা: আশ শামস: ৯–১০)

বর্ণিত আয়াতে করীমায় মহান আল্লাহ মানুষের প্রকৃত সফলতার মানদন্ড নির্ধারণ করে দিয়েছেন। পার্থিব জীবনে মানুষের প্রকৃত সাফল্য শুধু ধন সম্পদ ঐশ্চর্য নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা অর্জন নয় বরং নিজের আত্মাকে পাপমুক্ত করে আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন করাই প্রকৃত সফলতা।

বর্ণিত আয়াতের তাফসিরে ইমাম ইবনে কাসির (রহ.) ব্যাখ্যা করেন, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য ও নেক আমলের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফলকাম হয়। আর যে ব্যক্তি নিজের আত্মাকে পাপাচার, অবাধ্যতা ও সীমালঙ্ঘনে নিমজ্জিত রাখে সে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তা’আলা এরশাদ করেন, “নিশ্চয়ই সে সফলকাম হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে তার প্রতিপালকের নাম স্মরণ করেছে এবং নামাজ আদায় করেছে। (সূরা: আল আ’লা, ১৪–১৫)

আয়াত থেকে প্রতীয়মান হয় যে, আত্মশুদ্ধি আল্লাহর যিকর ও নামাজের মাধ্যে গভীর সম্পর্ক রয়েছে। একজন মুমিনের জীবনে ইবাদতের পাশাপাশি নৈতিক ও চারিত্রিক সংশোধনও অপরিহার্য। অন্তরের সংশোধনই ব্যাহ্যিক জীবনের সংশোধনের মূলভিত্তি।

হাদীসের আলোকে আত্মসংশোধন:

মানুষের আমল আচরণ ও চরিত্রের মূল উৎস হলো তার অন্তর। অন্তরে যদি আল্লাহর ভয় ইহলাস রাসূলপ্রেম ও তাকওয়া থাকে তাহলে তার বাহ্যিক জীবনেও নেক আমল ও উত্তম চরিত্রের প্রতিফলন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, জেনে রেখো! মানুষের দেহে একটি মাংসপিন্ড রয়েছে, সেটি সুস্থ থাকলে সমগ্র দেহ সুস্থ থাকে আর সেটি নষ্ট হলে সমগ্র দেহ নষ্ট হয়। জেনে রোখো, সেটি হলো অন্তর। (সহিহ বুখারি, হাদিস, ৫২, সহিহ মুসলিম: ১৫৯৯)

হাদিসের আলোকে প্রতীয়মান হয় যে, বাহ্যিক পোশাক পরিচ্ছদ ও লোক দেখানো ইবাদতের মাধ্যমে তাকওয়া সৃষ্টি হবে না, বাহ্যিক আমলোর সাথে সাথে অন্তরে পরিশুদ্ধি ও আত্মার সংশোধনের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

নফসে আম্মারার বিরোধিতা করা মুমিনের চরিত্র:

নফসে আম্মারা মানুষকে অন্যায় কাজ ও শরীয়ত বিরোধি অপকর্মের দিকে আকৃষ্ট করে। নফসে আম্মারা মিথ্যাচার, পাপাচার, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, ভালো কাজের বিরোধিতা করা ও শরীয়ত পরিপন্থি কার্যকলাপের প্রতি আসক্তি বৃদ্ধি করে। মু’মিনের কর্তব্য হলো নফসের বিরুদ্ধে সংগ্রাম করা, নিয়মিত আত্মসমালোচনা করা, অন্যজনের দোষত্রুটি চর্চা না করে নিজের দোষ নিজে দেখা, মানুষের মধ্যে রুহানি প্রশিক্ষণ না থাকলে কুপ্রবৃত্তি ও শয়তানি প্ররোচনার শিকার হয়ে পথভ্রষ্ট ও বিপথগামী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। পবিত্র কুরআনে হযরত ইউসূফ (আ.) এর বক্তব্য উদ্ধৃত করে আল্লাহ তা’আলা এরশাদ করেন, “আমি আমার নফসকে নির্দোষ মনে করিনা। নিশ্চয়ই নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্রবলভাবে প্ররোচিত করে তবে যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা: ইউসুফ: ৫৩)

নফসে আম্মারর বশীভূত হয়ে মানুষের মধ্যে নিম্নবর্ণিত আত্মিক ব্যধি সৃষ্টি হয়। যা মানুষের নৈতিকতা বিনষ্ট করে।

* অহংকারী হওয়া, নিজেকে বড় মনে করা, অন্যের তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা।

* অন্যজনের উন্নতি অগ্রগতি সফলতা সহ্য করতে না পারা, হিংসার ব্যাধিতে আক্রান্ত হওয়া। * আল্লাহর রেজামন্দি তথা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নয় বরং সুনাম সুখ্যাতি সামাজিক মর্যাদা প্রাপ্তির আশায় ভালো কাজ করা, লোকিকতা প্রদর্শন করা। * অন্যের অবর্তমানে তার দোষ চর্চা করা, গীবত করা, মিথ্যা অপবাদ দেওয়া। * ব্যক্তি স্বার্থ অর্থ সম্পদের লোভে দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নীতি নৈতিকতা জলাঞ্জলি দেওয়া। * অন্যের হক বিনষ্ট করা, আমানতের খিয়ানত করা, দায়িত্ব পালনে অবহেলা করা, অসততা, দুর্নীতি ও স্বজনপ্রীতি অবলম্বন করা। * রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মার হিসাব গ্রহণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে। আর প্রকৃত অক্ষম সেই ব্যক্তি যে নিজের নফসকে প্রবৃত্তির অনুসারী করে এবং আল্লাহর কাছে ভিত্তিহীন আশা পোষণ করে। (জামে তিরমিজি, হাদিস: ২৪৫৯)

এ হাদিসের শিক্ষণীয় বিষয় হলো প্রকৃত বুদ্ধিমত্তা কেবলমাত্র দুনিয়াবি কাজে সফলতা ও দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং নিজের আত্ম সমালোচনা করে আত্মসংশোধন ও তাকওয়া অর্জনের মাধ্যমে পরকালীন জীবনের সুখময় চিরস্থায়ী নিবাস জান্নাত লাভের প্রস্তুতি গ্রহণ করাই প্রকৃত বুদ্ধিমত্তা ও জ্ঞানের পরিচায়ক।

তাকওয়ার তাৎপর্য:

তাকওয়া হলো আল্লাহকে ভয় করা, মহান আল্লাহর মহানত্ব, শ্রেষ্ঠত্ব ও অপরিসীম ক্ষমতা ও তাঁরই নিকট জবাবদিহিতার কথা স্মরণে রেখে তাঁর নির্দেশিত পথে চলা। তাঁর আদেশ পালন করা ও নিষেধ থেকে বিরত থাকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর আনুগত্য ও সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া। আল্লাহ তা’আলা তাকওয়ার গুরুত্ব প্রসঙ্গে ইরশাদ করেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করোনা। (সূরা: আলে ইমরান, ১০২)

তাকওয়া অর্জনের উপায়:

ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন মুমিনের জন্য অপরিহার্য ইসলামের মৌলিক বিষয়ের উপর আমল অব্যাহত থাকলে তাকওয়ার পথ সুগম হবে। নিম্নে তাকওয়া অর্জনের গুরুত্বপূর্ণ কয়েকটি আমল আলোকপাত করা হলো।

নামাজ কায়েম করা:

নামায দ্বীনের স্তম্ভ, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করল সে দ্বীনের খুঁটি স্থাপন করল যে নামাজ বর্জন করল সে দ্বীনকে ধ্বংস করলো। নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত রাখে। মানুষের জীবন পরিশুদ্ধ করে, নৈতিকতা উন্নত করে, তাঁর মর্যাদা ও সম্মান বৃদ্ধি করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, “নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে”। (সুরা: আনকাবুত: ৪৫)

জিকির ও দুআর মাধ্যমে অন্তরকে প্রশান্ত রাখা:

সদা সর্বদা, দিবারাত্রি, সকাল সন্ধ্যা, সরবে নীরবে, সকালে বিকালে, জীবনের প্রতিটি কাজে কর্মে চলতে ফিরতে উঠতে বসতে গমনে ভ্রমণে আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রাখা আপদে বিপদে দূর্যোগে সংকটে আল্লাহর সাহায্য প্রার্থনা করা, তারই উপর ভরসা করা। তারই নিকট অন্যায় অপরাধের ক্ষমা প্রার্থনা করা, মু’মিনের জন্য অপরিহার্য দায়িত্ব। আল্লাহ তা’আলা ইরশাদ করেন, জেনে রেখো! আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর সমূহ প্রশান্তি লাভ করে। (সূরা: আর রাদ: ২৮)

তাওবা ইস্তিগফার করা:

মানুষের জীবনে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বিভিন্নভাবে ভুল হয়। মানুষ অন্যায় করে অপরাধ ও গুনাহের উপর অটল অবিচল থাকলে মানুষের জন্য পরকালীন শাস্তি ও জাহান্নাম অবধারিত। আল্লাহর সমীপে তাওবা করতে হবে। অপরাধের কারণে অনুতপ্ত ও অনুশোচনা করতে হবে। ভবিষ্যতে গুনাহের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার ও দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহ তা’আলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর কাছে আন্তরিক ও খাটি তাওবা করো। (সূরা: আত তাহরিম:৮)

আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা :

তাকওয়া অর্জনের অন্যতম উপায় হলো, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তা’আলা বান্দাকে প্রার্থনার পদ্ধতি শিখিয়ে দিলেন, ইরশাদ করেন, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অবিচার করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন। তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। (সূরা: আল আরাফ: ২৩)

হে আল্লাহ! আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন। সমগ্র মুসলিম উম্মাহকে হেদায়ত দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করার তাওফিক দান করুন। আমিন।

 

লেখক : অধ্যক্ষ, মাদরাসা–এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রী), বন্দর, চট্টগ্রাম; খতীব, কদম মোবারক শাহী জামে মসজিদ।

[ইসলাম সম্পর্কিত পাঠকের প্রশ্নাবলি ও নানা জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মুহাম্মদ বদিউল আলম রিজভি। আগ্রহীদের বিভাগের নাম উল্লেখ করে নিচের ইমেলে প্রশ্ন পাঠাতে অনুরোধ জানানো হচ্ছে।

E-mail : azadieditorial@gmail.com]

মুহাম্মদ আবুদল আজিজ

উত্তর কাট্টলী, আকবর শাহ, চট্টগ্রাম।

প্রশ্ন: সমুদ্রের মাঝপথে জাহাজ স্টিমার লঞ্চ কিংবা বড় নৌযানে সফরকালে নামাজ আদায়ের শরয়ী বিধান সম্পর্কে জানালে উপকৃত হব।

উত্তর: আপনার প্রশ্নের শরয়ী সমাধানে ইসলামী ফিকহ শাস্ত্রের প্রামাণ্য কিতাব সমূহে বিশদ বর্ণনা রয়েছে। সংক্ষেপে বলা যায় যে, জাহাজে বা স্টিমারে লঞ্চে বড় নৌযানে নামায আদায়ের জন্য প্রথমে যথারীতি অজু করবে, কিবলার দিক নির্ধারণ করতে হবে। জাহাজ ঘুরে গেলে নামাজি ব্যক্তি কিবলার দিকে ঘুরে যাবেন। সমুদ্রের মাঝখানে চলমান জাহাজ স্থলভাগে নামার সুযোগ না থাকলে জাহাজেই নামাজ পড়তে হবে। প্রচন্ড বাতাসের আঘাতে মাথা ঘুরে পড়ে যাওয়ার আশঙ্কা থাকলে বসে পড়তে পারবে। ফরজ নামাজ হলে জাহাজ থেকে নেমে স্থলভাগে আদায় করা সম্ভব হলে তা হবে উত্তম। (ফতোয়া শামী, রদ্দুল মুহতার, ২য় খন্ড, পৃ: ১০১, ফতোওয়া আলমগীরি, ১ম খন্ড: পৃ: ১৫৮)

ইমাম আহমদ রেযা (রহ.) “ফতোয়া রযভিয়া–তে” লিখেন চলমান নৌযান থেকে যদি স্থলভাগে নামা সম্ভব হয় নৌযানের মধ্যে নামাজ অদায় করা জায়েজ নয়। নৌযান যদি পানির ওপর ভাসমান থাকে এবং স্থলভাগের সঙ্গে যুক্ত না হয় এমতাবস্থায় তীরে নামা যদি সম্ভব হয় সেই অবস্থায় জাহাজে, স্টিমারে নামাজ আদায় করা যাবেনা। স্থলভাগে নামার সুযোগ না থাকলে জাহাজের মধ্যেই নামাজ জায়েজ হওয়ার বিধান প্রযোজ্য হবে। (ফতোয়া রযভিয়্যা, ৬ষ্ঠ খন্ড, পৃ: ১৩৭)

পূর্ববর্তী নিবন্ধমাওলানা বজলুল করিম মন্দাকিনী : মাইজভাণ্ডারী গানের আদি জনপ্রিয় গীতিকার
পরবর্তী নিবন্ধসাধনপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ৪ বসতঘর