চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে নিরাপত্তা নিশ্চিত হোক

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম–কক্সবাজার রেল যোগাযোগ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। পর্যটন, ব্যবসা–বাণিজ্য ও যাতায়াতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কিন্তু এই রেলপথে দুর্ঘটনা ও প্রাণহানি ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৭ জন, ২০২৫ সালে ৪৩ জন এবং ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও ৩১ জন নিহত হয়েছেন। প্রায় ১৫২ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৯৯টি অনুমোদিত লেভেল ক্রসিংয়ের মধ্যে ৫৬টিতে গেটম্যান ও কার্যকর নিরাপত্তা ব্যারিয়ার নেই। পাশাপাশি রয়েছে ৭৭টি অননুমোদিত ক্রসিং। ফলে যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এ ছাড়া একক রেললাইনের কারণে ট্রেন চলাচলে অপেক্ষা ও ভোগান্তি বাড়ছে। দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটিতে পুরো রুটের যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

আমাদের দাবি, ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলোতে দ্রুত গেটম্যান, নিরাপত্তা ব্যারিয়ার ও আধুনিক সংকেতব্যবস্থা চালু করতে হবে। অননুমোদিত ক্রসিংয়ের বিকল্প হিসেবে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করতে হবে। পাশাপাশি ডাবল লাইন নির্মাণের উদ্যোগ এবং রেলপথের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। জনসচেতনতার পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। মানুষের জীবন রক্ষায় দুর্ঘটনার পর নয়, দুর্ঘটনা প্রতিরোধেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জরুরি উদ্যোগ কামনা করছি।

আলমগীর আলম

পটিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সিস থম্পসন : সংগ্রামী জীবনের এক অসাধারণ কবি