দেশের আট বিভাগের অবৈধ ইটভাটা বন্ধ করতে বিভাগীয় কমিশনার ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছে আদালত। ওই দিনই শুনানির পরবর্তী তারিখ রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে শুনানি করেন মুনতাসির উদ্দিন আহমেদ। খবর বিডিনিউজের।
দেশের অবৈধ ইটভাটা বন্ধ বা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে হাই কোর্টে রিট আবেদন করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারির পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে দেশের সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেয়।












