ক্যুয়ো ভ্যাদিস

সাদিয়া শারমিন পিংকী | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

পথগুলো সব জটিল ভারী

ক্যুয়ো ভ্যাদিস?

চলেছ কোথায়?

আদি অন্ত শুরু বা শেষ

কোথায় যাবো দিক জানা নাই।

ঘরের ভিতর কঠিন আড়াল

টপকানো যায়, যায় না ভোলা;

দূরত্ব হয় পাশের ঘরে–

শব্দরোধক দেয়াল তোলা।

ঘর পেরোলেই বাড়ির উঠোন

উঠোন জুড়ে রোদের আলো;

মানুষ বোঝো, বোঝো কি মন?

ঘরগুলো থাক কষ্টি কালো।

নেই পরিচয় পথিক কারো

ঘর পেরিয়ে পথ খোঁজো যেই।

পথের মানুষ একলা আরো;

হঠাৎ উধাও– এই ছিল, নেই!

নেই পরিচয় নিজের সাথে

জানা তো নেই মনটা কী চায়।

বেড়াই খুঁজে দুনিয়া জুড়ে

‘ভালো লাগা’ খুঁজে কি পাই?

ভেড়ার পালের জীবন যাপন–

ছুটছ কেবল হেথায় হোথায়।

আসলে কেউ বলতে পারো?

ক্যুয়ো ভ্যাদিস? চলেছ কোথায়?

(‘ক্যুয়ো ভ্যাদিস’ এটি একটি ল্যাটিন শব্দ,

যার অর্থ – Where are you marching)

পূর্ববর্তী নিবন্ধকোজাগরী: জ্যোৎস্নার অভিসার
পরবর্তী নিবন্ধপবিত্র এক খামে