‘তুই এই ধরণের পোস্ট করবি কী জন্য’ বলেই শ্রমিক লীগ কর্মীকে এনসিপি নেত্রীর চড়

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

তুই এই ধরনের পোস্ট করবি কী জন্য? তোর মা–বোন আছে? এ কথা বলতে বলতে এক যুবককে মারধর করতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগর কমিটির সহ সাংগঠনিক সম্পাদক তানিয়া আমিনকে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাকলিয়া এলাকায় সংঘটিত এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মারধরের শিকার ব্যক্তির নাম খোরশেদ আলম। পরে পুলিশ গিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম দৈনিক আজাদীকে বলেন, খোরশেদ আলম কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের একজন সক্রিয় কর্মী। তিনি মিছিল করার জন্য দলের লোকজনকে সংগঠিত করছিলেন। তার মোবাইল ফোনে এর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মঙ্গলবার সন্ধ্যার দিকে বাকলিয়া থানাধীন এক্সেস রোডের নয়া মসজিদ এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে সন্ত্রাস বিরোধী আইনের উক্ত মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি লন্ড্রি দোকানে দাঁড়িয়ে আছেন খোরশেদ আলম। এ সময় তানিয়া আমিনসহ চার–পাঁচজন সেখানে ঢোকেন। তারা খোরশেদ আলমের দিকে এগিয়ে গেলে তিনিও তানিয়া আমিনের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এনসিপির নেতা–কর্মীরা তাকে মারধর শুরু করেন। তাদের মধ্যে তানিয়া আমিনও তাকে চড়–থাপ্পড় মারেন। এসময় আশপাশের লোকজন তাদের নিবৃত্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। ভিডিওতে তানিয়া আমিনকে আরও বলতে শোনা যায়, ‘আমি ওর মেয়ের বয়সী। দেখতে আমার বাবার চেয়ে বড় মনে হয়।… মেয়েদের মনে করে সব সময় দুর্বল।’ ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ পর পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে আসে। এক পুলিশ সদস্যকে তানিয়া আমিন বলেন, তিনি গ্যাস–বিদ্যুৎ নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে খোরশেদ আলম নোংরাভাবে মন্তব্য করেন।

পূর্ববর্তী নিবন্ধসারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে সংসদে হট্টগোল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম-সিলেট রুটের উদয়ন এক্সপ্রেসের এসি যন্ত্রাংশ চুরি