রেলওয়ের সম্পদ রক্ষাসহ ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধ এবং চুরি–ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রামে যৌথ বিশেষ টহল অভিযান শুরু করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)। চট্টগ্রাম জংশন কেবিন, কদমতলী রেলক্রসিং এবং রেলওয়ে ইয়ার্ড এলাকায় এই বিশেষ টহল পরিচালনা করা হয়।
আরএনবির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রেলওয়ের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এই তিনটি এলাকায় দুর্বৃত্তদের চলাচল বেশি। এসব পয়েন্ট ব্যবহার করে অনেকেই চলন্ত ও স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের ছাদে ওঠে। পাশাপাশি বিভিন্ন সময় চুরি ও অন্যান্য অপরাধ সংঘটিত করে এসব এলাকা দিয়েই পালিয়ে যায় অপরাধীরা। বিশেষ করে ট্রেনের এসি কোচের ছাদ থেকে কনডেন্সার, কেবলসহ মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এসব এলাকায় নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আরএনবি ও জিআরপি সদস্যরা সমন্বিতভাবে যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবেন। অভিযান চলাকালে ট্রেন ছাড়ার আগে ও পরে চট্টগ্রাম জংশন কেবিন, কদমতলী রেলক্রসিং এবং ইয়ার্ড এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে। একই সঙ্গে ট্রেনের ছাদে অবৈধভাবে ওঠা প্রতিরোধ, রেলওয়ের সম্পদ চুরি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং আটক করে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত ও কার্যকর যৌথ টহল পরিচালনা করা হলে রেলের সম্পদ চুরির ঘটনা অনেকাংশে কমে আসবে। পাশাপাশি ট্রেনের ছাদে যাত্রী চলাচল বন্ধ এবং রেলপথে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।










