চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) ক্যান্সার নির্ণয়ের অত্যাধুনিক পেট–সিটি (পজিট্রন ইমিশন টোমোগ্রাফি) ল্যাবের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে ছয়জন রোগীর পেট–সিটি পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যদিয়ে নির্র্ভুল ক্যান্সারের রোগ নির্ণয়ে নতুন যুগে প্রবেশ করেছে চট্টগ্রাম। কারণ রোগীর ক্যান্সার আক্রান্ত কোষের উৎপত্তি এবং কোথায় কোথায় এই ক্যান্সার কোষ ছড়িয়েছে, সেটি বিস্তারিত জানার একমাত্র পরীক্ষা পেট–সিটি স্ক্যান। আগে চট্টগ্রামে সরকারি ও বেসরকারি পর্যায়ে এই পরীক্ষাটি না থাকার কারণে রোগীদের ঢাকার বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ছুটতে হতো। এখন চট্টগ্রামে সরকারিভাবে পরীক্ষাটি চালু হওয়ায় রোগীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে পেট–সিটি পরীক্ষা না থাকা ও পরীক্ষাটি বেসরকারি পর্যায়ে ব্যয়বহুল হওয়ার কারণে অনেক সময় ক্যান্সার চিকিৎসকরা কিছুটা ধারণার ভিত্তিতে এবং একাধিক ছোট ছোট পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে রোগীদের রেডিওথেরাপি বা কেমোথেরাপির মতো চিকিৎসা দিতেন। এখন চট্টগ্রামে বসেই রোগীরা অত্যাধুনিক এই পরীক্ষা করাতে পারবেন। ফলে চিকিৎসকরাও সুনির্দিষ্টভাবে ক্যান্সার চিকিৎসা দিতে পারবেন। ঢাকার বেসরকারি হাসপাতালে প্রায় ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হলেও সরকারিভাবে এখন অর্ধেক খরচে পরীক্ষাটি করানো যাবে বলছেন ইনমাস চট্টগ্রাম কর্তৃপক্ষ। এছাড়া ইনমাস চট্টগ্রামে স্থাপিত সাইক্লোট্রন মেশিন থেকে উৎপাদিত রেডিও আইসোটোপ নিয়ে চট্টগ্রামের বেসরকারি খাতের হাসপাতালগুলো চাইলে শুধু পেট সিটি মেশিন কিনে পরীক্ষাটি করতে পারবে। এতে ক্যান্সারের রোগ নির্ণয়ে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ল্যাবগুলোর সক্ষমতা অনেক বেড়ে যাবে।
জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম ছাড়াও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যাম্পাস, ইনমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস, রাজধানীর অদূরে সাভার বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র এবং ঢাকার তিনটি বেসরকারি হাসপাতালে পেট সিটি পরীক্ষা করা হচ্ছে। তবে পেট সিটি পরীক্ষার প্রধান উপাদান রেডিও আইসোটোপ উৎপাদনকারী ‘সাইক্লোট্রন’ মেশিন আছে কেবল নিনমাস বিএসএমএমইউ ক্যাম্পাস, ইনমাস চট্টগ্রাম এবং অপরটি ঢাকার একটি কর্পোরেট হাসপাতালে। বাকি প্রতিষ্ঠানগুলোর শুধু পেট সিটি মেশিন রয়েছে। তারা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে রেডিও আইসোটোপ নিয়ে পেট সিটি পরীক্ষাটি সম্পন্ন করছে।
ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ৯০ শতাংশের বেশি ক্যান্সার শনাক্ত করা হয় পজিট্রন ইমিশন টমোগ্রাফি (পিইটি) ও সিঙ্গেল প্রোটন ইমিশন কম্পিউটেড টমোগ্রাফি (এসপিইসিটি–সিটি) প্রযুক্তি ব্যবহার করে। পেট–সিটির মাধ্যমে দ্রুত ক্যান্সার শনাক্ত করা সম্ভব, তাই এটি আধুনিক প্রযুক্তির অন্যতম উদাহরণ। পেট সিটি অন্যান্য ইমেজিং টেকনোলজি যেমন এঙ–রে, সিটি স্ক্যান, আলট্রাসনোগ্রাম, এমআরআই প্রভৃতি প্রযুক্তি থেকে ভিন্নমাত্রার। কারণ ওইগুলো শুধু শরীরে টিউমারের আকার, আকৃতি, অবস্থান সম্পর্কে ধারণা দেয়। কিন্তু পেট সিটি ক্যান্সার (ম্যালিগন্যান্ট টিউমার) বা ক্যান্সার নয় (বিনাইন টিউমার) দুটো সম্পর্কেই ধারণা দিতে সক্ষম। পেট একটি টিউমারের বিপাক ক্রিয়া এবং সিটি ওই টিউমারের গঠনগত পরিবর্তন নির্ণয় করে। এই দুটি অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠিত স্ক্যানারে একটি ফিউশন ইমেজ একই সময়ে পাওয়া যায়। এই দুটো ইমেজের সমন্বিত ইমেজটি একজন অভিজ্ঞ চিকিৎসককে শরীরের যেসব স্থানের কোষগুলো বেশি সক্রিয় অর্থাৎ ক্যান্সার আক্রান্ত কোষগুলো খুঁজে বের করতে সাহায্য করে।
ইনমাস চমেক ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত ২০১৯–২০২০ অর্থবছরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১০৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় ছয় তলা বিশিষ্ট ভবন, মলিকুলার ল্যাব ও সাইক্লোট্রন সুবিধাসহ পেট–সিটি মেশিন রয়েছে।
চমেক হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী বলেন, পেট–সিটি পরীক্ষা সুবিধা চট্টগ্রামে চালু হওয়া এই অঞ্চলের ক্যান্সার রোগীদের জন্য খুবই সুখবর। এতে ক্যান্সার রোগীদের আগের মতো ঢাকায় দৌঁড়ঝাপ করতে হবে না। এই পেট–সিটি ল্যাবটি চালুর পেছনে ইনমাস চট্টগ্রামের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক এবং বর্তমান পরিচালকের ভূমিকা অনস্বীকার্য। সর্বপোরি সরকারের কর্তাব্যক্তিদের সদিচ্ছার কারণে এটি আলোর মুখ দেখেছে।
জানতে চাইলে ইনমাস চট্টগ্রামের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য দৈনিক আজাদীকে বলেন, চট্টগ্রাম সাইক্লোট্রন সুবিধাসহ পেট–সিটি ল্যাব চালু হয়েছে। এখন থেকে সরকার নির্ধারিত মূল্যে রোগীরা পরীক্ষাটি করাতে পারবেন। চট্টগ্রামে সরকারি–বেসরকারি পর্যায়ে এই পরীক্ষাটি আগে ছিল না। এখন চালু হওয়ার কারণে ক্যান্সার রোগীরা উপকৃত হবেন। চিকিৎসকদের চিকিৎসা দিতেও সুবিধা হবে। আজ (গতকাল) আনুষ্ঠানিকভাবে ছয়জন রোগীর পরীক্ষাটি করা হয়েছে। পরীক্ষাটি আমরা আপাতত সকাল থেকে শুরু করে অফিস টাইম পর্যন্ত করবো।











