পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাঁচ বছরে ৩০৮ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ও ৪৩৫ জনের আহত হওয়ার তথ্য সংসদে তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মানিকগঞ্জ–১ আসনে বিএনপির সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষে তিনি এসব তথ্য তুলে ধরেন। প্রশ্ন করতে গিয়ে জিন্নাহ কবীর বলেন, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবৈধ অস্ত্রধারীরা সেনাবাহিনী ও সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। চাঁদাবাজি ও অবৈধ দখলের ঘটনাও ঘটছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।
গত পাঁচ বছরে এসব জেলায় কতটি সশস্ত্র হামলা হয়েছে এবং কতজন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য হতাহত হয়েছেন, তা জানতে চান এ সংসদ সদস্য। একইসঙ্গে অবৈধ অস্ত্রধারী ও চাঁদাবাজদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ বাহিনী গঠন বা অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, তাও জানতে চান তিনি। খবর বিডিনিজের।
প্রতিবেশী দেশের উস্কানিতে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন জিন্নাহ কবীর। দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সরকার বিশেষ কোনো পদক্ষেপ নেবে কি না, সেটিও জানতে চান এ সংসদ সদস্য। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা ঘটেছে। এই সময়ে তিন জেলায় ২৯৭টি অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়ের ৪৭১টি ঘটনা এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার ঘটনা ঘটেছে ৯৭টি। এসব ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩৫ জন আহত হয়েছেন। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন।
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে সরকারের নেওয়া পদক্ষেপও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাহাড়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে অস্ত্র আইন ও দণ্ডবিধি অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে কেএনএফ, ইউপিডিএফ ও জেএসএসসহ বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করতে অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনও পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।
পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সীমান্ত চৌকিগুলোর সক্ষমতা বাড়ানো হয়েছে। ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও চক্র শনাক্ত করতে পুলিশ ও এসআরবি কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাহাড়ে চলমান যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ আধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোনের সংকেত সংক্রান্ত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সম্পূরক প্রশ্নে জিন্নাহ কবীর দেশের সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অবৈধ অস্ত্র প্রদর্শনের ঘটনার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র তৎপরতার কোনো যোগসূত্র রয়েছে কি না জানতে চান। যোগসূত্র পাওয়া গেলে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না, তাও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে এসব বিষয়ে কাজ করছে। প্রশ্নোত্তর পর্ব শেষে স্পিকারের অনুমতি পেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেবেন। সেখানে সংসদ সদস্যের প্রশ্নের অনেকাংশের উত্তর পাওয়া যাবে।
আরেক সম্পূরক প্রশ্নে পটুয়াখালী–২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রের উসকানি ও মদদে সশস্ত্র গোষ্ঠীগুলো সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এসব হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হয়েছেন। এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যথাযথ ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।
সাজেকসহ পার্বত্য চট্টগ্রামের পর্যটন খাতের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পর্যটন খাত ধ্বংস এবং ওই অঞ্চলকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতি পর্যটন মৌসুমের আগে সাজেক উপত্যকায় আধিপত্য বজায় রাখাকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাজেকের পরিস্থিতি এখন স্থিতিশীল।
নাৎসিদের মতো আওয়ামী লীগও আর ফিরতে পারবে না
এদিকে জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধি অনুযায়ী দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর কখনো দেশে ফিরে আসতে পারবে না। তিনি বলেন, ‘সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন, শীঘ্রই নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে। কিন্তু সেই সুযোগ হয়ত মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবে না। কেননা তারা যেভাবে পুরো একটি দল পালিয়ে গেছে, বিশ্বের ইতিহাসে কেবল হিটলারের নাজি বাহিনীর জার্মানি থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে এর উদাহরণ দেওয়া যায়, মিলে যায়। নাজিরা যেমন জার্মানিতে ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না মাননীয় স্পিকার।’
আগের দিন বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার জবাবে সংসদে এ বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সামপ্রতিক অগ্নিসংযোগ ও নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন সালাহউদ্দিন আহমদ। বিরোধীদলীয় নেতা ‘সীমান্তের ওপার থেকে উসকানি’ দেওয়ার যে অভিযোগ তুলেছিলেন, তার সঙ্গে একমত পোষণ করেন তিনি। দেশে অস্থিরতার চেষ্টা প্রতিহত করতে সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা ধরে রাখা প্রয়োজন। দেশে আর কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।












