সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই রাঙিয়ে দিলেন হামজা চৌধুরী। প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দিতে নেমেই অধিনায়ক হিসেবে পেলেন গোলের দেখা। তার আগে গোলের সূচনা করেন শমিত সোম। প্রথমবার সাফ খেলতে নামা ফারহান আলী ওয়াহিদও উপহার দেন চোখজুড়ানো এক গোল। শেষ দিকে আলো ছড়ান রাকিব হোসেন। চার তারকার নৈপুণ্যে উড়ল বাংলাদেশ। গ্রুপসেরা হয়েই উঠল সেমিফাইনালে।
জাতীয় স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে সাফের ‘এ’ গ্রুপের ম্যাচে শ্রীলঙ্কাকে ৪–০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেরা চারে জায়গা করে নিয়েছে দলটি। বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভুটান গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে। ভুটানের সমান পয়েন্ট পেয়েও গোল পার্থক্যে পিছিয়ে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এদিকে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশ লড়বে ‘বি’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানের বিপক্ষে।
আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন আনেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। হামজাকে খেলানো হয় শুরু থেকেই। তার সঙ্গে একাদশে ফেরেন ফারহান ও মোহাম্মদ ইব্রাহিম। বেঞ্চে জায়গা হয় জামাল ভূঁইয়া ও ফয়সাল আহমেদ ফাহিমের। চোটের কারণে ছিটকে যান বিশ্বনাথ ঘোষ। হামজার উপস্থিতিতে উজ্জীবিত বাংলাদেশ শুরু থেকেই মেলে ধরে আক্রমণাত্মক ফুটবলের পসরা। ষষ্ঠ মিনিটে বঙের একটু বাইরে থেকে হামজার ফ্রি কিক ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। বক্সের বাইরে রাকিব হোসেন ফাউলের শিকার হলে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ।
দুই মিনিট পরই এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে গ্যালারি। হামজার ক্রস থেকে গোলকিপার লাফিয়ে বল পাঞ্চ করার পর সেটি চলে যায় বঙে থাকা শমিতের কাছে। কানাডাপ্রবাসী এই মিডফিল্ডারের প্রথম শট লঙ্কান ডিফেন্ডার ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি (১–০)। জাতীয় দলের হয়ে এটি তার দ্বিতীয় গোল। একাদশ মিনিটে আদাভান রাজমোহন পায়ের কারিকুরিতে রাকিবকে কাটিয়ে বঙে ঢুকে শট নেন। দ্রুত পা চালিয়ে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন শমিত।
২৫তম মিনিটে দুর্দান্ত একটি গোল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল হামজার। সতীর্থের লম্বা পাস হেডে তাকে বাড়িয়ে দিয়েছিলেন রাকিব। আগুয়ান গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই প্রথম স্পর্শে বল নিজের নিয়ন্ত্রণে নেন হামজা। এরপর তার ব্যাকহিল শটে বল আঘাত করে জালের ওপরের অংশে। এরপর দুই দলের খেলায় কিছুটা গতি কমে যায়। ব্যবধান বাড়াতে খুব একটা মরিয়া ছিল না বাংলাদেশ। তেড়েফুঁড়ে আক্রমণে না উঠলেও ৪১তম মিনিটে ভালো সুযোগ পায় শ্রীলঙ্কা। কিন্তু ডিলন ডি সিলভার আড়াআড়ি ক্রস গোলমুখের সামনে দিয়ে বেরিয়ে যায়। কেউ বলের নাগাল পাননি।
একটু পরই গোলের আনন্দে ফের উত্তাল হয়ে ওঠে গ্যালারি। ইব্রাহিমের পাস পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শট নেন হামজা। বল প্রথমে গোলকিপারের পায়ে, এরপর ক্রসবারের ভেতরের দিকে লেগে জালে জড়ায় (২–০)। বাংলাদেশের জার্সিতে এটি হামজার পঞ্চম গোল। একক প্রচেষ্টায় অসাধারণ এক গোল করে ৫৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ান ফারহান। বাঁ দিক দিয়ে বঙে ঢুকে ড্রিবলিংয়ে একে একে তিন ডিফেন্ডারকে পরাস্ত করেন তিনি। এরপর ডান পায়ের নিখুঁত শটে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে পাঠান ইংল্যান্ডপ্রবাসী এই ফরোয়ার্ড (৩–০)। বাংলাদেশের হয়ে এটি তার দ্বিতীয় গোল।
একটু পর একসাথে তিনটি পরিবর্তন আনেন কোচ ডুলি। ফারহান, কাজী তারিক রায়হান ও ইব্রাহিমকে তুলে নিয়ে শুকি ইতোফুসা, মোহাম্মদ হৃদয় ও ফাহিমকে নামান। ৭০তম মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে উঠে কাছের পোস্টেই জোরাল শট নেন ইতোফুসা, বল গোলকিপারের পায়ে লেগে বাইরে যায়। অন্য প্রান্তে ফাহিম থাকলেও তিনি পাননি বলের নাগাল। পরের মিনিটে গোলের সুযোগ পান ফাহিমও। কিন্তু গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদের চেষ্টা সফল হয়নি তার। দূরের পোস্টে চেষ্টা করলে গোল হয়ত পেতেও পারতেন এই ফরোয়ার্ড।
৮৬তম মিনিটে বঙের বাইরে থেকে ইতোফুসার জোরাল নিচু শটে কর্নার করে দেন লংকান গোলকিপার। দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান আরও বাড়িয়ে নেয় রাকিবের গোলে। পাল্টা আক্রমণে বল পেয়ে গোলকিপারকে একা পেয়ে যান এই ফরোয়ার্ড। নিখুঁত চিপ শটে খুঁজে নেন জালের ঠিকানা (৪–০)। তাতে সাফে শ্রীলঙ্কার বিপক্ষে টানা তৃতীয় জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। ১৪ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। একই দিন রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।












