চকরিয়ায় আ. লীগের ৩ সহযোগী সংগঠনের মশাল মিছিল, তিনজন আটক

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মশাল মিছিল করেছেন নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঝটিকা মিছিল বের করার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

রাত পৌনে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এ মিছিল বের করা হয়।

আটকদের মধ্যে দুজন ১৭ বছর বয়সী কিশোর। অপরজন পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে আরফাত নোমান (১৮)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে ৩০ থেকে ৩৫ জন নেতা-কর্মী কাহারিয়াঘোনা এলাকায় জড়ো হন। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে তাঁরা সেখানে ঝটিকা মিছিল বের করেন এবং মশাল জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের খবর পেয়ে চকরিয়া থানা-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে তিনজনকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে অভিযান এবং এলাকায় পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি, গ্রেপ্তার হলেন সেই কিশোর গ্যাং নেতা হৃদয়