এবারের এইসএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয় সকলকে বিস্মিত করেছে। এসএসসি পরীক্ষায় পাস করা এসব শিক্ষার্থীদের এইসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পেছনে কোনো গ্রহণযোগ্য যুক্তি বা কারণ থাকতে পারেনা যদিনা শিক্ষার্থীদের বেপরোয়া উদাসীনতা বা অবহেলা, অভিভাবক মহলের অসচেতনতা কিংবা প্রাতিষ্ঠানিক কাজে শিক্ষকগনের আন্তরিকভাবে পাঠদানে যত্নশীল ও নিবেদিত থাকাটা শিক্ষার্থীর পাঠগ্রহনে অন্তরায় হয়ে না দাঁড়ায়। পত্র পত্রিকা, সরকারি তথ্য ও বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় এবার দেশের ৯টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ যা বিগত ২২বছরের ফলাফলের মধ্যে সর্বনিম্ন। অথচ ১ বছরে পাসের হার কমেছে ৫ শতাংশের মত। ফলাফলের মান নির্ণয়ে সর্বোচ্চ সূচক জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও গত বছরের তুলনায় এ বছর বড় ধরণের বিপর্যয় ঘটেছে। গত বছর পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। এইসএসসি পরীক্ষায় সব বোর্ড গুলোর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন। এরমধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। আবার শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। সব মিলিয়ে ফলাফল বিপর্যয়ের বড় ধরনের চিত্র সামনে উঠে এসেছে।
ফলাফলের তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে যে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে আছে। ছাত্রীদের পাসের হার ৫৫ দশমিক ৪৫ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ১৪ শতাংশ। জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের তুলনায় ছাত্ররা এগিয়ে। অর্থাৎ জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ১৮ হাজার ১৫৫ জন এবং ছাত্রী ১৭ হাজার ৭৯৩ জন। শিক্ষা বোর্ডসমূহে এবারের এইসএসসি পরীক্ষার পাসের হারে ঢাকা শিক্ষাবোর্ডের অবস্থান শীর্ষে। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। পাসের হারে ৪৪ দশমিক ৮৪ শতাংশ নিয়ে সর্বনিম্নে অবস্থান করছে বরিশাল শিক্ষা বোর্ড। ২০০৫ সাল থেকে আন্তবোর্ডগুলোর ২২ বছরের ফলাফল পর্যালোচনায় সাম্প্রতিক বছরগুলোর ক্রমান্বয় ফলাফল বিপর্যয়ের চিত্র। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৫ শতাংশের বেশি। গত বছর তা কমে দাঁড়ায় ৫৭ শতাংশে। এবার তা আরো কমে ৫১ দশমিক ৬২ শতাংশে নেমে দাঁড়িয়েছে।
বিষয় ভিত্তিক ফলাফল পর্যালোচনায় ইংরেজি, আইসিটির মতো বিষয়সমূহ বাধ্যতামূলক। ঢাকা ছাড়া অন্যান্য শিক্ষাবোর্ডে ইংরেজি বিষয়ে পাসের হার ৭০ শতাংশের নীচে। পাসের হার অর্জনে সব বোর্ডের নীচে থাকা বরিশাল শিক্ষাবোর্ডে ইংরেজি বিষয়ে পাসের হার ৫৪ শতাংশের মতো। বাধ্যতামূলক আইসিটি বিষয়ে পাসের হার তুলনামূলকভাবে সব বোর্ডেই কম। কোনো কোনো ক্ষেত্রে গণিত, উদ্ভিদ বিজ্ঞান ও জীববিজ্ঞান বিষয়ে পাসের হার সন্তোষজনকে না হওয়াতে বেশি সংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার প্রভাব সামগ্রীক ফলাফলে দৃশ্যমান ও সুস্পষ্ট। ইংরেজি, আইসিটিসহ বিজ্ঞান বিভাগের উল্লেখিত বিষয়গুলোতে কৃতকার্য হওয়ার হার কমা সামগ্রীক ফলাফলের ওপর অপ্রত্যাশিত প্রভাব ফেলেছে।
প্রশ্নপত্রের ধরনে, বিতরণে ভুল ও অসংগতির বিষয় ইতিপূর্বে অনুষ্ঠিত পরীক্ষার ঘটনাপ্রবাহে অভিযোগ আকারে উঠে এসেছিলো যা প্রশ্নপত্র প্রণয়ন, নিরীক্ষণ ও পর্যবেক্ষনের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছিল। সততা, জবাবদিহিতা, সতর্কতা, নিষ্ঠা ও আন্তরিকতার মানদন্ডে বিষয়সমূহ ঘটনা পরম্পরায় নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের ধারাটি ফলাফল বিপর্যয়ে প্রভাব ফেলছে বলে শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি, শ্রেণিকক্ষে অমনোযোগ, পরীক্ষা প্রস্তুতির বিষয়ে শিক্ষার্থীর উদাসীনতা, শিক্ষকদের যথার্থ নির্দেশনার অভাব সম্পর্কিত কারণসমূহ ফলাফল বিপর্যয়ের কারণ হিসেবে বিবেচনায় নেওয়া প্রয়োজন বলে অনেকের ধারণা। শিক্ষার্থীদের উদাসীনতা দুরীভূত করার ক্ষেত্রে শিক্ষক অভিভাবকদের যত্নশীল হতে হবে। শিক্ষকদের যত্নশীল নির্দেশনা শিক্ষার্থীদের মেধা, মননশীল উৎকৃষ্টতা পড়ালেখার প্রতি আগ্রহ ও যত্নবান হওয়ার ব্যাপারে অনায়াসে সম্যক প্রেরণা যোগাতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম। এ ব্যাপারে শিক্ষকগণ উদ্যোগী হয়ে শিক্ষার্থীর পাঠদান, পাঠ প্রস্তুতিতে যথাযথ অবদান রাখলে এসএসসিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের এইসএসসিতে অকৃতকার্য হওয়ার কোনো কারণ থাকবে না। ফলাফল বিপর্যয়ের সমূহ ঘটনা বিবেচনায় রেখে শিক্ষার্থীদের অধিক যত্ন সহকারে ক্লাসমুখী, শ্রেণীকক্ষে নিয়ন্ত্রণ, পাঠন বিষয়ে আগ্রহ ও প্রস্তুতি নিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণের লক্ষ্যে শিক্ষকদের সহায়তা আন্তরিকভাবে প্রত্যাশিত। তবে বিষয়টি অপ্রিয় হলেও সত্যি যে কিছু উদ্ভূত ভিন্ন পরিস্থিতির কারণে নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণে সুযোগ করে দেন।
ফলশ্রুতিতে সুযোগ পাওয়া এসব শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় নিশ্চিত অকৃতকার্য হয়। নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত পরীক্ষায় অকৃতকার্য হওয়ার অন্যতম কারণ।
এসএসসি পাস করা অনেক শিক্ষার্থী ভিন্ন একটি পরিবেশে এসে পড়ালেখার প্রতি কিছুটা উদাসীন ও অমনযোগী হয়ে পড়ে। সেক্ষেত্রে শ্রেণি শিক্ষক ও বিষয় ভিত্তিক শিক্ষকরা তাদের মনস্তাত্মিক শিক্ষা ও উৎসাহ দানে ব্যর্থ হয় বিধায় অনেক শিক্ষার্থী পথভ্রষ্ট হয়ে পড়ালেখায় অমনযোগী হয়ে উঠে। ফলে এসব অমনযোগী শিক্ষার্থীরা নির্দেশনা ও অনুপ্রেরণার অভাবে পরীক্ষায় খারাপ করে বসে। বিষয় ভিত্তিক পাঠদানে আন্তরিকভাবে নিবেদিত থেকে শিক্ষকরা শিক্ষার্থীর মনে অনুসন্ধিৎসু আগ্রহ সৃষ্টি করে পাঠগ্রহণে উৎসাহিত করতে পারলে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার হার ক্রমান্বয়ে হ্রাস পাবে। এ প্রসঙ্গে মানসম্মত শিক্ষক নিয়োগ, সন্তোষজনক ও জবাবদিহিতামূলক পাঠদানের বিষয়টি সর্বাগ্রে প্রণিধাণযোগ্য। শিক্ষকগন পাঠদানে যতবেশি নিবেদিত থাকবেন শিক্ষার্থীরা ততবেশি উপকৃত হবে।
মাঝে মধ্যে প্রশ্নপত্রে ভুল ও অসংগতির খবরে আমরা বিচলিত হয়ে পড়ি। ২৬‘ এর এইচ এস সি পরীক্ষায় এ ধরণের অভিযোগ উঠেছিল। তাছাড়া তাড়াহুড়োর মধ্যে প্রশ্নপত্র বিতরণে গরমিল সুষ্ঠু পরীক্ষা পরিচালনাকে প্রশ্নবিদ্ধ করেছিল সাম্প্রতিক সময়ে ফলাফল প্রকাশিত হওয়া এইসএসসি পরীক্ষায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শুধুমাত্র কারণ দর্শানো নোটিশ প্রদান, অব্যাহতি বা তদন্তের মত ব্যবস্থা নিলে সমস্যার সমাধান হবে না। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে সংবেদনশীল গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি যত্নবান ও দায়িত্বশীল হওয়ার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শিক্ষকদের শিক্ষাগত মাণ ও মানসম্মত পাঠদান শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল লাভে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ভালো ও যোগ্য শিক্ষক নিয়োগের পাসাপাশি কর্মরত শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তাঁদেরকে আরো দক্ষ, শ্রমসাধ্য, নিষ্ঠাবান ও দায়িত্বশীল করে তুলতে হবে। শিক্ষকদের মানের সাথে শিক্ষার্থীদের মানোন্নয়ণ নিবিড় ভাবে সম্পর্কযুক্ত। শিক্ষকদের মেধা – দক্ষতার সফল পরিস্ফুটন ও প্রয়োগ শিক্ষার্থীদের মেধা বিকাশে সন্দেহাতীতভাবে অভাবনীয় প্রভাব ফেলবে। এরই সূত্র ধরে পাঠক্রমিক কর্মকান্ডে অধিক সচেতন হয়ে ভবিষ্যত বিনির্মাণে যথেষ্ট যত্নশীল হয়ে ভালো প্রস্তুতি নিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণ করলে এইচএসসি‘র মতো পাবলিক পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অকৃতকার্য হতে হবে না। বিষয়টি অন্তর্নিবিষ্ট দৃষ্টি দিয়ে সরকার, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে ভাবতে হবে। সঙ্কট উত্তরণের লক্ষ্যে সকলকে অভিন্ন উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে, অন্যথায় আমাদের আকাঙ্খা ও লক্ষ্য স্বস্তি ও সন্তুষ্টির পথ খুঁজে পাবেনা।
লেখক: শিক্ষাবিদ, কলামিষ্ট, প্রাবন্ধিক, প্রাক্তন অধ্যক্ষ, রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও বর্তমানে রেক্টর বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ, মিরপুর–১৩, ঢাকা– ১২১৬।










