রাজস্থলীতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে ‘খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির’ ঘটনায় গণপিটুনিতে মো. রফিক (২৩) নামে একজনের মৃত্যু হয়েছে। ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিনজন পালিয়ে গেলেও একজন গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ার ব্যাপ্টিস্ট চার্চে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বাঙালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়ার ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার স্ত্রী হেনা ত্রিপুরাকে খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখায় দুই ব্যক্তি। এ সময় তারা ঘরের আলমারি থেকে নগদ ২ লাখ টাকা ও তিনটি স্বর্ণের আংটি নিয়ে যায়। হেনা ত্রিপুরা চিৎকার করলে স্থানীয় লোকজন এসে মো. রফিক নামের একজনকে দুটি স্বর্ণের আংটিসহ আটক করে। তবে রফিকের সঙ্গে থাকা মো. আকাশ (২৪) নামে অন্য ব্যক্তি একটি স্বর্ণের আংটি ও নগদ ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আরও দুজন পাহারায় ছিল, তারাও পালিয়েছে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা আটক মো. রফিককে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় রাত ৮টার দিকে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মৃত রফিকের বাড়ি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া আবাসিক মুসলিম পাড়ায় এবং তিনি ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। অন্যদিকে, পলাতক মো. আকাশ একই ইউনিয়নের সুফিপুর গ্রামের আলী করিমের ছেলে। অন্য দুজনের নাম–পরিচয় জানা যায়নি।

চন্দ্রঘোনা থানা পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় চারজনের মধ্যে একজনকে চার্চের লোকজন হাতে–নাতে আটক করে। পরবর্তীতে চন্দ্রঘোনা থানা পুলিশ উপস্থিত হয়ে তার কাছ থেকে ৮০ হাজার টাকা দামের প্রায় ৫ তোলা ওজনের দুইটি স্বর্ণের আংটি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল জব্দ করে। উপস্থিত উৎসুক জনতার মারধরে রফিক গুরুতর আহত হয়। পরবর্তীতে ব্যাপ্টিস্ট চার্চের লোকজন সন্ধ্যা ৭টার দিকে তাকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। অপর একজন ২ লাখ টাকাসহ পালিয়ে যায় এবং পাহারায় থাকা দুজনও পালিয়ে যায়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ বলেন, বাঙালহালিয়ায় ব্যাপ্টিস্ট চার্চে দস্যুতার ঘটনায় একজন গণপিটুনিতে মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অঞ্চলে রয়েছে ৪১৩৫টি ইভিএম, ধ্বংসের চিন্তা ইসির
পরবর্তী নিবন্ধসাজেক সড়কে অবরোধ প্রত্যাহার নিয়ে পাল্টাপাল্টি বিবৃতি