দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হলো বশির মোহাম্মদ সড়ক

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:১৭ পূর্বাহ্ণ

আগ্রাবাদে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা বশির মোহাম্মদ সড়ক দখলমুক্ত করে আধুনিক সড়কে রূপান্তরের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডা. শাহাদাত হোসেন, তা বাস্তবায়িত হয়েছে। ২০২৫ সালের ২২ অক্টোবর সড়কটির উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রায় ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করেছে চসিক। একই সঙ্গে দক্ষিণ আগ্রাবাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, ফুটপাত নির্মাণ ও সৌন্দর্যবর্ধনে ৯ কোটি টাকার আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এ দুটি প্রকল্প গত ৭ নভেম্বর উদ্বোধন করেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা বশির মোহাম্মদ সড়কটি উন্মুক্ত করে জনসাধারণের চলাচলের উপযোগী করার দাবি ছিল এলাকাবাসীর। সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ডা. শাহাদাত হোসেন এটি দখলমুক্ত করে উন্নয়নের উদ্যোগ নেন। একই অনুষ্ঠানে সড়কটিকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও মাদকমুক্ত রাখার পাশাপাশি বাগান ও অন্যান্য অবকাঠামো নির্মাণের মাধ্যমে আধুনিক ও নান্দনিক সড়কে রূপান্তরের ঘোষণা দিয়েছিলেন তিনি। সেই ঘোষণার ধারাবাহিকতায় সড়কটির উন্নয়নকাজ সম্পন্ন করে এবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো।

২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বশির মোহাম্মদ সড়কের উন্নয়নে ব্যয় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৫৩ হাজার টাকা। প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ, সড়ক উন্নয়ন ও বিটুমিনাস কার্পেটিং, মিডিয়ান নির্মাণ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন, রোড মার্কিং এবং ক্যাটস আই স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এর ফলে সড়কটিতে যানবাহন ও পথচারীদের চলাচলের সুবিধা বৃদ্ধির পাশাপাশি পানি নিষ্কাশন এবং সড়ক নিরাপত্তার অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

উদ্বোধনকালে প্রশাসক ডা. শাহাদাত বলেন, এই সড়কটি নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। আমি যখন এখানে এসেছিলাম, তখন মানুষের মধ্যে সড়কটি উন্মুক্ত হওয়ার যে আনন্দ দেখেছিলাম, তা আজও মনে আছে। সেদিন বলেছিলাম, শুধু রাস্তা খুলে দিলেই হবে না, এটিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সুন্দর সড়কে রূপান্তর করতে হবে। আজ সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, আগ্রাবাদের এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা রয়েছে। সড়কটির উন্নয়নের ফলে ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে।

সড়কটি দখলমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করে প্রশাসক বলেন, অনেক সময় দেখা যায়, বিপুল অর্থ ব্যয়ে সড়ক ও ফুটপাত নির্মাণের পর আবার সেগুলো দখল হয়ে যায়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি হয় এবং উন্নয়নের সুফল থেকে নগরবাসী বঞ্চিত হন। আমরা চাই না, এই সড়ক আবার দখল হয়ে যাক। এখানে কেউ অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করতে পারবে না। সড়ক ও ফুটপাত মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।

বশির মোহাম্মদ সড়কের পাশাপাশি শনিবার দক্ষিণ আগ্রাবাদ এলাকার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, ফুটপাত নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের ৯ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন করেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন। প্রকল্পটির আওতায় ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বিচারপতি মোর্শেদ খান সড়ক, মা ও শিশু হাসপাতাল সংলগ্ন সড়কসমূহ, বিএসটিআই অফিস সংলগ্ন সড়ক, আমেরিকান চর্মরোগ হাসপাতাল সংলগ্ন সড়ক এবং ব্যাংক কলোনির সম্মুখস্থ সড়কসমূহের উন্নয়ন করা হয়েছে। এসব সড়কের ড্রেন সংস্কার, নতুন ফুটপাত নির্মাণ, বিটুমিনাস কার্পেটিং, রোড মার্কিং, ফুটপাতে টাইলস স্থাপন, সসার ড্রেন ও কার্বস্টোন নির্মাণ, প্রোটেকশন ওয়াল নির্মাণ, রংকরণ এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব ও সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রকল্পের আওতায় প্রায় ৩ হাজার গাছ রোপণ এবং প্লান্টেশন বঙ নির্মাণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশলী আনিসুর রহমান প্রকৌশলী আনোয়ার জাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৎস্যজীবীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তি জ্ঞান বাড়াতে হবে
পরবর্তী নিবন্ধচন্দ্রঘোনায় মিনিবার ফুটবলে বরইছড়ি জুনিয়র একাদশের জয়