দেশে সাধারণত কার্তিক মাসের শেষভাগে অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি শীতের আমেজ শুরু হয়। অনেক সময় কার্তিক মাসের শেষ দিকে বৃষ্টি হয়ে শীত নামে। এদিকে গতকাল সোমবার চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে আরো কয়েকদিন। বৃষ্টি হলে কমবে তাপমাত্রা। এর মধ্য দিয়ে শীত নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
গতকাল দিনভর ভ্যাপসা গরম ছিল। বিকেলের পর আকাশ কিছুটা মেঘলা হয়। সন্ধ্যায় শহরের কৃয়েক জায়গায় বৃষ্টিও হয়। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া অফিসের পতেঙ্গা পর্যাবেক্ষণাগারে ১ মিলিমিটার ও আমবাগান পর্যাবেক্ষণাগারে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। একইসময় পর্যন্ত দেশে সর্বোচ্চ ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কক্সবাজারে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বসির আহম্মেদ হাওলাদার আজাদীকে জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকাসমূহের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উত্তরবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং সেখানে তাপমাত্রা বর্তমানে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেই শীতের একটি আবহ তৈরি হয়, যা উত্তরবঙ্গের লোকজনের মধ্যে দেখা যাচ্ছে।
তিনি বলেন, আগামী কয়েকদিনে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে এবং ১৮ নভেম্বরের পর বা নভেম্বরের তৃতীয় সপ্তাহে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ সারাদেশেই শীতের অনুভূতি আরও কিছুটা বাড়তে পারে। এছাড়া সামনে বৃষ্টিপাতেরও একটি পূর্বাভাস রয়েছে।












