পরীমনিকে উকিল নোটিস

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪৩ পূর্বাহ্ণ

সাংবাদিকের সঙ্গে ‘অসদাচরণ ও হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে উকিল নোটিস পাঠানো হয়েছে। আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে সেখানে। পাশাপাশি জাতীয় সংগীত ‘অবমাননার’ অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার রোববার ডাকযোগে এ নোটিস পাঠান। খবর বিডিনিউজের।

পরীমনি ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে এ নোটিস দেওয়া হয়েছে। নোটিসে বলা হয়, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান পরীমনি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় সাংবাদিকরা তার ছবি ও ভিডিও ধারণ করতে চাইলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এ সময় পরীমনি মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেন এবং তার নিরাপত্তাকর্মীরা ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড ভেঙে ফেলেন বলে নোটিসে অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্রতে সেমিফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের হয়ে লড়বেন মাহি