প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন চট্টগ্রামের ইরফান সাবরি তাকরির। জাতীয় ক্রিকেট লিগের ৬ষ্ঠ রাউন্ডের দ্বিতীয় দিনে খুলনায় রংপুরের বোলারদের ওপর ছড়ি ঘোরান চট্টগ্রামের ব্যাটসম্যানরা। অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি বাঁহাতি ওপেনার সাদিকুর রহমান। তবে কোনো ভুল করেননি অভিষিক্ত ইরফান। রংপুরের ১৬৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে চট্টগ্রামের সংগ্রহ ৫ উইকেটে ৩০৪ রান। ১৩৮ রানে এগিয়ে আছে তারা। আগের দিনের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটি বেশিদূর নিতে পারেননি সাদিকুর ও সাদ্দাম। দ্বিতীয় উইকেটে ইরফানকে নিয়ে ১২৩ রান যোগ করেন সাদিকুর। তিনি জাগিয়ে তোলেন এবারের লিগে নিজের চতুর্থ সেঞ্চুরির সম্ভাবনা। তবে ইকবাল হোসেনের বলে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে ৯০ রানে স্টাম্পড হয়ে যান ৩৪ ছুঁইছুঁই বাঁহাতি ওপেনার। জাতীয় লিগের দ্বিতীয় একাদশের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে চট্টগ্রামের প্রথম একাদশে সুযোগ পাওয়া ইরফান কোনো ভুল করেননি। সাবলীল ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করেন তরুণ ব্যাটসম্যান। সেঞ্চুরির পর অবশ্য আর টিকতে পারেননি। ১৩ চার ও ১ ছক্কায় ১০৪ রান করে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি।











