প্রিমিয়ার ভার্সিটিতে চট্টগ্রাম অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের উদ্যোগে সকাল ৯টায় অলিম্পিয়াডের উদ্বোধন হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬–এর প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব, ফলাফল ঘোষণা এবং সেরা ১০ জন প্রতিযোগীর মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

গত ৬ নভেম্বর বেলা ২টা ৪৫ মিনিটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব এবং বাংলাদেশ গণিত সমিতির কাউন্সিল সদস্য ও ই–ম্যাথ বাংলাদেশের গবেষক কাজী মো. খায়রুল বাশার। এ পর্বে অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং গণিত চর্চা ও সমস্যা সমাধানের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, চিন্তাশক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার প্রস্তুতি ও অংশগ্রহণ শিক্ষার্থীদের জ্ঞানচর্চা এবং আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। প্রতিটি গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করাকেও তিনি সাহসিকতার পরিচয় হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার বিজয়ীদের অভিনন্দন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করে। নিয়মিত অনুশীলন, আনন্দের সঙ্গে গণিতচর্চা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার জটিল সমস্যা সমাধান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে বলেন, তথ্যবিজ্ঞান, নিউরাল নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির বিকাশে গণিতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অলিম্পিয়াড তরুণ গণিতবিদদের বিকাশ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশগ্রহণকারীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অলিম্পিয়াডের আহ্বায়ক জান্নাতুল ফেরদাউস বলেন, প্রতিযোগিতায় প্রাপ্ত অবস্থানই একমাত্র অর্জন নয়, নতুন কিছু শেখার আগ্রহ, কঠিন সমস্যার মুখোমুখি হওয়ার সাহস এবং পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ও সমান গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব গণিতের মৌলিক ধারণা আয়ত্ত করা, নিয়মিত অনুশীলন এবং গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি
পরবর্তী নিবন্ধফুলকুঁড়ি আসর মহানগরী নীহারিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন