বান্দরবানের আলীকদমে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটকের পর গতকাল রোববার সকালে তাদের আলীকদম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে দালাল চক্রের মাধ্যমে প্রায় দুই মাস আগে পালিয়ে কাজের সন্ধানে কক্সবাজারের রামু উপজেলার একটি পাহাড়ি পাড়ায় আশ্রয় নেয় তারা। সেখান থেকে গত শনিবার রাতে আলীকদম উপজেলায় কাজের জন্য গেলে বিজিবি ৫৭ ব্যাটালিয়নের জিপি গেটসংলগ্ন সড়কে সাতজনের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা শরণার্থী বলে পরিচয় দেন। তাদের মধ্যে তিনজন কক্সবাজারের ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। এছাড়া ১৭ নম্বর বালুখালী ক্যাম্পের দুজন, ১৮ নম্বর বালুখালী ক্যাম্পের একজন এবং ৯ নম্বর বালুখালী ক্যাম্পের একজন রয়েছেন।
আলীকদম থানার ওসি শাহেদ পারভেজ বলেন, বিজিবি ৭ জন রোহিঙ্গাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।









