টেকনাফে অস্ত্রের মুখে শিশু অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

টেকনাফে একটি শিশুকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত শিশুর নাম মোহাম্মদ রিহান (১১)। সে হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং এলাকার কৃষক জমিল হোছনের ছেলে এবং বড়খিল নূরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার দাবি করছে, পাহাড়ি ডাকাত দল মুক্তিপণ আদায় করতে এই শিশুকে অপহরণ করেছে। রিহান তার মামা নুরুল কবিরের সঙ্গে ওইদিন সকালে রইক্যং পুতিবনিয়ার মিজ্জির ছড়া এলাকায় জমিতে ঘুরতে যায়। সারাদিন মামার সাথে সেখানে ঘুরে ফিরে এবং নানাভাবে হাসি–খুশিতে দিন কাটায়। ফেরার পথে ওঁৎপেতে থাকা ৭/৮ জনের একটি অস্ত্রধারী দল তাদের গতিরোধ করে ঘিরে ফেলে। মামা নুরুল কবিরের ভাষ্য, তিনি কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও শিশু রিহানকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহরণের পর গতকাল রোববার দুপুর পর্যন্ত কোনো ধরনের খোঁজ মিলেনি শিশু রিহানের।

এই বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। কিন্তু পরিবার থেকে অভিযোগ দেয়নি। তারপরও আমরা শিশুটির খোঁজে কাজ শুরু করেছি।’

পূর্ববর্তী নিবন্ধউপস্থাপক ফারুকী হত্যা : ৬ আসামির বিচার শুরু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি বলি আমিন গ্রেপ্তার