ষান্মাসিক পরীক্ষায় ভালো ফল, ৯ম শ্রেণির ছেলেকে ৩ কোটির গাড়ি উপহার বাবার!

আজাদী অনলাইন ডেস্ক | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ১০:০৪ অপরাহ্ণ

সৌদি আরব কিংবা কুয়েতের ঘটনা নয়। ঘটনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার। এই জেলার গলসি এলাকার এক ব্যবসায়ী সামসুদ্দিন মিদ্যা। তার ছেলে নবম শ্রেণির ষান্মাসিক পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পাওয়ার পুরস্কার হিসেবে কিনে দিয়েছেন ২ কোটি ৩০ লাখ রুপি (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) মূল্যের একটি বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন গাড়ি।

সামসুদ্দিনের ছেলে মোহাম্মদ তালহা বর্ধমানের রেনেসাঁ উপনগরীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র। সিবিএসই বোর্ডের স্কুল, পড়াশোনায় বরাবরই ভালো তালহা। সম্প্রতি ষান্মাসিক পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, সে পেয়েছে ৯৭ শতাংশ নম্বর। ছেলের এই সাফল্যে খুশি হয়ে তার বহু দিনের স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নেন সামসুদ্দিন।

শামসুদ্দিনের গলসিতে চারটি রাইস মিল আছে। চীন, ভিয়েতনামে চাল রপ্তানিও করেন। অঢেল টাকা-পয়সা। বিএমডব্লিউ তার কাছে বড় কোনো ব্যাপার নয়। গাড়িই তার সবেচেয়ে শখের জিনিস। নিজের গ্যারেজে রেঞ্জ রোভার, ভলভো, মাহিন্দ্র থর, হুন্ডাই আলকাজার— কী নেই! ছেলের ভালো রেজ়াল্টের খবর পাওয়া মাত্র সোজা মুম্বাই পাড়ি দেন। আন্ধেরির নামি শো-রুম থেকে বিএমডব্লিউ এম৪ কম্পিটিশন কিনে তুলে দেন ছেলের হাতে। সেখান থেকে ট্রাকে চাপিয়ে নতুন গাড়ি নিয়ে আসেন পূর্ব বর্ধমানে।

কচি কলাপাতার মতো গাড়ির রঙ। একেবারে ঝাঁ চকচকে। গত শুক্রবার স্পেশাল কন্টেনারে সেই গাড়ি এসে পৌঁছেছে বর্ধমানের গলসিতে। তবে শুধু গাড়ি নয়। নম্বর প্লেটের জন্যও পানির মতো টাকা খরচ করেছেন তিনি। তার একাধিক গাড়ির নম্বরের শেষ তিনটি সংখ্যা ‘৫৫৫’। বলিউডের বাদশা শাহরুখ খানের মতো। তিনি অভিনেতা নন ঠিকই, তবে টাকার দৌঁড়ে খুব একটা পিছিয়েও নেই।

শামসুদ্দিন বলেন, ‘ছেলে অনেক আগেই আমাকে বলেছিল, আব্বা একটা বিএমডব্লিউ চাই। তাই কিনে দিলাম।’ ছেলে সবে ১৫ বছরে পড়েছে। লাইসেন্স নেই। তাই গাড়ি চালানোর প্রশ্নও ওঠে না।

কোটি টাকার গাড়ি উপহার পেলেও তালহা এখনই গাড়ি চালানোর পক্ষে নয়, কারণ সে এখনও নাবালক এবং তার ড্রাইভিং লাইসেন্স নেই। সে জানিয়েছে, আপাতত পড়াশোনাতেই মন দেবে এবং সপ্তাহে মাত্র একদিন বাবার পাশে বসে গাড়ির রাইড উপভোগ করবে।

সূত্র : স্টার নিউজ

পূর্ববর্তী নিবন্ধইকুইটি প্লাটিনাম সেন্টারের হ্যান্ডওভার অনুষ্ঠান সম্পন্ন