এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:২০ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের জন্য সময় একদিন বাড়ানো হয়েছে। গতকাল শনিবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাংলানিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি (অনলাইনে) ত্রুটির কারণে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া গতকাল ৭ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত ৮ট পর্যন্ত বিঘ্নিত হয়। এ কারণে অনেক পরীক্ষার্থী ওই সময়ে আবেদন করতে পারেনি। পরীক্ষার্থীদের উক্ত বিষয়টি বিবেচনা করে উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের আবেদনের শেষ সময় গতকাল ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে সোমবার দুপুর ১২টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এদিকে, মাত্র ৭ দিনে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি খাতা দেখার আবেদন করেছেন শিক্ষার্থীরা। বিগত কয়েক বছরের মধ্যে এটিই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে সর্বোচ্চ আবেদন। এইচএসসির ফলপুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নের ফল আগামী ২৭ নভেম্বর প্রকাশ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব
পরবর্তী নিবন্ধদ্বীনি শিক্ষার স্মরণীয় আলোকবর্তিকা কাগতিয়া কামিল মাদরাসা