সিলেট টেস্টে পেসার হাসানের অপেক্ষা ঘুচেছে। দেশের মাটিতে টেস্টে পাঁচ উইকেট পাওয়ার অপেক্ষা ছিল দীর্ঘদিনের। সেটা পূরণ হয়েছে। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে একাধিক রেকর্ডও গড়েছেন হাসান মাহমুদ। পাঁচটি ভিন্ন দেশে টেস্টে পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়ার পাশাপাশি বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেটের রেকর্ড এখন তার।
গতকাল শুক্রবার ৯০ রানে পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড়ে চড়া থামিয়ে দিয়েছেন হাসান। সিলেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের সকালে দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান হাসান। দিনের শুরুতে ২৩৫ রানে ৪ উইকেট নিয়ে খেলতে নামা ক্যারিবীয়দের প্রথমে আমির জাঙ্গুর (১৩৩) স্টাম্প ভেঙে ফিরিয়ে দেন তিনি। পরের বলেই রস্টন চেজকে শিকার করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। পরে জশুয়া বিশপকে লিটন দাসের স্টাম্পিংয়ে ফেরানোর মধ্য দিয়ে পূর্ণ করেন নিজের পঞ্চম টেস্ট ফাইফার।
শেষ পর্যন্ত ৬ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থামে ৩৫৬ রানে। বাংলাদেশের পেসারদের মধ্যে এতদিন চারটি ফাইফার নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন শাহাদাত হোসেন। তাকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠেছেন হাসান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ভারতের চেন্নাই, অস্ট্রেলিয়ার ডারউইন ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পর এবার বাংলাদেশের সিলেটেও পাঁচ উইকেট পেলেন তিনি। পাঁচ ভিন্ন দেশে এই কীর্তি গড়া দ্বিতীয় বোলার হাসান। এর আগে একমাত্র অস্ট্রেলিয়ার নাথান লায়নই এমন কীর্তি গড়েছিলেন।












