আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

আজাদী ডেস্ক | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি–জনতার বিপ্লব এক অনন্য নজির সৃষ্টি করে। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি–জনতা তাঁকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। সিপাহি–জনতার বিপ্লবের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান পৃথক বাণী দিয়েছেন। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিএনপি সাত দিনের কর্মসূচি পালন করছে। দিবস উপলক্ষ্যে আজ শনিবার রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। এতে পায়ে হেঁটে অংশ নিয়ে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির কেন্দ্রীয় শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মহানগরে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যাালি অনুষ্ঠিত হবে। ঢাকার কেন্দ্রীয় কর্মসূচির বাইরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি করবে বলেও জানান রিজভী।

পূর্ববর্তী নিবন্ধসিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল : প্রধানমন্ত্রী