চট্টগ্রামে ফ্লাইওভার থেকে পেট্রোল বোমা নিক্ষেপ

সিসিটিভি ফুটেজ খুঁজছে পুলিশ

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে রাতের আঁধারে পেট্রোল বোমা কারা ছুড়ে মারল, তা খুঁজে বের করতে সিসিটিভি ভিডিওর ওপর ভরসা করে এগোচ্ছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবন ও চাঁন্দগাঁও ভূমি অফিস লক্ষ্য করে ফ্লাইওভারের ওপর থেকে এসব পেট্রোল বোমা ছোড়া হয়।

এর মধ্যে এলজিইডি ভবনের সামনে ছোড়া দুটি পেট্রোল বোমা মাটিতে পড়ে ভেঙে যায়। সেগুলোতে আগুন ধরেনি। অন্যদিকে, চাঁন্দগাঁও ভূমি অফিসের সামনে ছোড়া বোমাটিতে আগুন জ্বললেও সেখানকার পরিচ্ছন্নতাকর্মীরা তা নিভিয়ে নালায় ফেলে দেন। সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে দুটি সরকারি ভবন লক্ষ্য করে এভাবে পেট্রোল বোমা ছোড়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

ঘটনাস্থলের কাছাকাছি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কার্যালয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং ষোলশহর রেল স্টেশন রয়েছে।

জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “ওই এলাকায় সিসিটিভি ক্যামেরা আছে। আমরা ভিডিও সংগ্রহ করেছি। এটা নিয়ে কাজ করছি। আশা করি বের করে ফেলতে পারব কারা করেছে।”

হঠাৎ এ ধরনের ঘটনা ঘটানোর কারণ জানতে চাইলে ওসি মোজাম্মেল হক বলেন, “যারা এটা করেছে তারাই বলতে পারবে কেন করেছে। জড়িতদের আটকের পর বিস্তারিত জানাতে পারব।” খবর বিডিনিউজের।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, “থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সংগ্রহ করেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ফ্লাইওভারের উপর থেকে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। ভিডিও দেখে নিশ্চিত হওয়া যাবে কারা এই ঘটনায় জড়িত।”

বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় আজ শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে রাতভর পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৬