চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ২:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার পর অবস্থা বেগতিক দেখে ঘাতক স্বামী ওই গৃহবধূকে বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলেও প্রচার চালায় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।

খবর পেয়ে আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এদিকে এই ঘটনায় জড়িত থাকার দায়ে স্থানীয় জনতার সহায়তায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

খুনের শিকার গৃহবধূর নাম রুমা আক্তার (৩০)। তিনি ওই ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের বাহাদুর আলমের কন্যা এবং একই এলাকার মোহাম্মদ মানিকের স্ত্রী।

রুমা আক্তারের ৮ বছরের সন্তান মো. লাবিব জানায়- তার মা রুমা আক্তারকে তার বাবা মানিক বৃহস্পতিবার রাতে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।

স্থানীয় লোকজন জানান- রুমা আক্তারের সঙ্গে বিয়ের পর থেকে স্বামী মানিক প্রতিনিয়ত শারিরিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। বাড়ি নির্মাণের কথা বলে এনজিও থেকে নেওয়া ৬০ হাজার টাকাও হাতিয়ে নেয় স্বামী মানিক। এনিয়ে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ লেগেই ছিল তাদের সংসারে। এরইমাঝে রুমা আক্তারের আরেক খালাতো বোনকেও (নার্সে চাকরিরত) বিয়ে করে মানিক। শেষপর্যন্ত প্রথম স্ত্রী রুমা আক্তারকে পিটিয়ে হত্যা করলো স্বামী মানিক।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘লক্ষ্যারচরে গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে কী-না তা এখনই বলা যাচ্ছে না। কারণ শরীরের বাইরে তেমন কোন আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। তাই ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা স্বামী মানিককে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে ফের বোমার হুমকি