পুলিশ-প্রশাসনের সমন্বয়ে জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব : সিএমপি কমিশনার

নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

জননিরাপত্তা নিশ্চিত করা ও নাগরিক সেবার মানোন্নয়নে পুলিশ ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং আন্তরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো.শওকত আলী।

তিনি বলেছেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সরকারি বিভিন্ন দপ্তরের সম্মিলিত উদ্যোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এজন্য নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনারদের সঙ্গে এক উন্মুক্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ সেশনে সিএমপি কমিশনার চট্টগ্রাম মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরীর নিরাপত্তা ব্যবস্থাপনা এবং অপরাধ প্রতিরোধে পুলিশের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

তিনি আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ ও নাগরিক সেবা প্রদানে পুলিশ প্রশাসনের ভূমিকা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। এ সময় নবীন কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিএমপি কমিশনার। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরে তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় সিএমপির উপ–পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিনসহ ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবযোগদানকৃত সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ন্ত্রণে মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন : রিজভী
পরবর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক