অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ও সামগ্রিক অভিযোগ তদন্তে কমিশন গঠন করেছে সরকার। ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী এই কমিশন গঠন করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিশনে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে সভাপতি করা হয়েছে।
কমিশনের অন্য দুই সদস্য হলেন– বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সরকারের গেজেটে এই তদন্ত কমিশনের প্রজ্ঞাপন জারি করা হয়। খবর বাসসের।
প্রজ্ঞাপনে গঠিত এই কমিশনকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের ঘটনা পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় চিহ্নিত করবে। তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন, যেকোনো ব্যক্তিকে তলব এবং জিজ্ঞাসাবাদ করতে পারবে। টিকা কেনা ও বিতরণে কী কারণে সময়ক্ষেপণ হয়েছে, কোথায় অনিয়ম হয়েছে এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দায়িত্বশীলদের ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখবে কমিশন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশও করবে।












