চবিতে ডিজিটাল নাগরিকত্ব ও ভুল তথ্য প্রতিরোধবিষয়ক সংলাপ

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

ডিজিটাল নাগরিকত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অনলাইনে ভুল তথ্য ও অপতথ্য শনাক্তকরণ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ চর্চায় তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থিঙ্ক ক্রিটিক্যালি, কানেক্ট রেসপনসিভলি’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গত ২ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সেমিনার লাইব্রেরিতে ব্রিটিশ কাউন্সিলের ’ইয়থ কানেক্ট’ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের ৬০ জন শিক্ষার্থী এ সংলাপে অংশ নেন। সংলাপে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শাহাব উদ্দিন নীপু স্বাগত বক্তব্য রাখেন এবং সংলাপের প্রেক্ষাপট তুলে ধরেন। সাংবাদিকতার চর্চা ও ধরনে যে পরিবর্তন প্রতিনিয়ত ঘটে চলেছে তার জন্য উপযুক্ত ও দক্ষ গ্রাজুয়েট তৈরির ক্ষেত্রে অ্যাকাডেমিয়ার পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন। এ আয়োজনে ছিল চবির দুটি কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের গ্রুপের কার্যক্রম প্রদর্শনী। প্রথম গ্রুপের পক্ষে মাহবুব ফরহাদ ও নাদরাতুন নাঈম চৌধুরী এবং দ্বিতীয় গ্রুপের পক্ষে রাব্বি হোসেন ও সৃষ্টি শর্মা তাদের কার্যক্রম উপস্থাপন করেন। বিভাগের প্রভাষক নাজনীন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা। এতে শিক্ষার্থীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা অনলাইন ও অফলাইনে কীভাবে প্রয়োগ করা হয়েছে, ভবিষ্যতে কী ধরনের কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের কার্যক্রম গ্রহণের পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নিয়ে অংশগ্রহণকারীরা মতবিনিময় করেন।

আয়োজনে সহযোগী হিসেবে ছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এর আগে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল–ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতেলের দোকান, ফার্মেসি ও মিষ্টি বিপণনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধবেকারিসহ দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা