চকবাজার থানা যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় নগরের চকবাজার চাঁন্দমিয়া মুন্সি লেইনসংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনীতি হতে হবে মানুষের কল্যাণের জন্য। এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যাতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। যত্রতত্র রিকশা পার্কিং ও ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে নগরবাসীর চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এসব বিষয়ে যুবদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁদের আদর্শ অনুসরণ করতে হলে নেতাকর্মীদের আগে নিজেদের মন মানসিকতা পরিষ্কার করতে হবে।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, অতীতে অনেক ত্যাগী নেতাকর্মী মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০১৮ সালে আমার বাড়ির সামনের একজন দোকানদারকেও মামলার আসামি করা হয়েছিল। শাহাদাত হোসেন আরও বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ এগিয়ে নেওয়ার উদ্যোগে সবাইকে সহযোগিতা করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, দীর্ঘ সংগ্রাম ও হাজারো মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে। এখন জনগণের মধ্যে নিয়মতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। একসময় সকালে ঘুম থেকে উঠে আদালতে হাজিরা দিতে যেতে হতো। এখন সেই পরিস্থিতি নেই। তবে দলীয় কার্যালয়ে অনেক পরিচিত মুখকে দেখতে না পেলে খারাপ লাগে। ত্যাগী নেতাকর্মীদের উপস্থিতি দেখলে অনেক আনন্দ লাগে। চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে এবং বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাধারণ সম্পাদক মো. শাহেদ, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাজী ইমরান উদ্দিন, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ–সভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলাউদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ কামাল আলম, সহ প্রাথমিক শিক্ষা সম্পাদক জসীম উদ্দীন, সহশিল্প বিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন জিতু। প্রেস বিজ্ঞপ্তি।












