পটিয়ায় প্রবাসী সিরাজুল হত্যা মামলায় শ্যালক ও সৎ ছেলে গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

পটিয়ায় পারিবারিক কলহের জেরে প্রবাসী সিরাজুল ইসলাম (৫৫) হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজুল ইসলামের শ্যালক শেখ মোস্তান (৩৬) ও সৎ ছেলে কাজী মো. শাহাবাজ হোসেন (২১)। গতকাল বৃহস্পতিবার পটিয়া থানা–পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ জুন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকার ফোরক সওদাগরের বাড়িতে নিজ শয়নকক্ষে সিরাজুল ইসলামকে হত্যা করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনায় তার শ্যালক শেখ মোস্তান, দ্বিতীয় স্ত্রী মোছাম্মদ মিনহারা আকতার ববি (৩৯), সৎ ছেলে শাহাবাজ হোসেনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে গত ১৮ জুন পটিয়া থানায় হত্যা মামলা করা হয়। মামলাটির তদন্ত করছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতনতাও জরুরি
পরবর্তী নিবন্ধপটিয়ায় ১৮ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হামিদ গ্রেপ্তার