সাজেক পর্যটনকেন্দ্র সড়কে কাল অবরোধ শিথিল

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র সড়কে আগামীকাল রোববার একদিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিল করেছে আন্দোলনরতরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বিবৃতিতে দুই সংগঠনের পক্ষে বাবুধন চাকমা ও নতুন জয় চাকমা এ ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে তৃতীয় দফায় টানা ৯ দিন ধরে চলা অবরোধ কর্মসূচি আগামী ১ নভেম্বর (রোববার) একদিনের জন্য শিথিল থাকবে। এলাকার সাধারণ জনগণের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ১ নভেম্বরের পর থেকে পূর্বের ন্যায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে সুষ্ঠুভাবে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন সেজন্য তাদের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বিশেষ শিথিলতার ব্যবস্থা নেওয়া হবে। এজন্য ধর্মীয় প্রতিষ্ঠান বা বিহার কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসৌরবিদ্যুতে সেচের পানি উত্তোলন, কম খরচে চাষাবাদ