চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

শহিদ সভাপতি, হাসনাত সম্পাদক

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের (চমেসাস) ত্রিবার্ষিক নির্বাচনে মোহাম্মদ শহিদুল ইসলাম সভাপতি, মাহবুবুল মাওলা রিপন সহসভাপতি ও মুহাম্মদ আবুল হাসনাত সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংগঠনের লাভলেইনস্থ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনী সাধারণ সভায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিউল আলম। নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ শহিদুল ইসলাম ৫১ ভোট, সহসভাপতি পদে মাহবুবুল মাওলা রিপন ৫৪ ভোট এবং সম্পাদক পদে মুহাম্মদ আবুল হাসনাত ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ দিদারুল হক ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দুটি সদস্য পদে এসএম সাইফুদ্দিন তুহিন ৪৭ ভোট এবং মো. আব্দুল করিম ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে ছয়টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৬০ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন–পরবর্তী সাধারণ সভায় বক্তব্য দেন চমেসাসের সাবেক নেতা ওসমান গণি মনসুর, শামসুল হক হায়দরী ও মোহাম্মদ শাহনওয়াজ এবং বিএফইউজে নেতা শামসুদ্দিন হারুন ও হোসাইন দিদার। এ ছাড়া বিদায়ী কমিটির সভাপতি মুস্তফা নঈম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ও নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম বক্তব্য দেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সমাজসেবা কর্মকর্তা সুমন কুমার বিশ্বাস ও সদস্য সাইফুল্লাহ চৌধুরীও সভায় বক্তব্য রাখেন। বক্তারা সমবায়ের নীতি ও আদর্শ অনুসরণ করে চমেসাসের সদস্যদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ ও কাল মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউসিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা
পরবর্তী নিবন্ধপিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেয়ার প্রতিবাদে নগরে বিক্ষোভ