চীনে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা নতুন অর্থনীতির সম্ভাবনা

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চীনে জনসংখ্যার চিত্রে বড় পরিবর্তন এসেছে। ২০২৫ সালে প্রথমবারের মতো শিশুদের তুলনায় প্রবীণদের নির্ভরশীলতার হার বেশি হয়েছে। খবর বাংলানিউজের।

এতে প্রবীণদের পরিচর্যা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ বাড়লেও নতুন শিল্প ও ব্যবসার সম্ভাবনা তৈরি হচ্ছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত চায়না স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক ২০২৬–এর তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম গ্লোবাল টাইম খবর জানিয়েছে। অর্থবিষয়ক সংবাদমাধ্যম ইয়িকাই ডটকমের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রবীণ নির্ভরশীলতার হার ছিল ২৩ দশমিক ১ শতাংশ। বিপরীতে, শিশু নির্ভরশীলতার হার ছিল ২২ শতাংশ।

প্রবীণ বাড়ছে, কমছে শিশুদের অনুপাত : পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে চীনে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়ায় ২২ কোটি ৩৬ লাখ ৫০ হাজারে। তারা দেশটির মোট জনসংখ্যার ১৫ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, শূন্য থেকে ১৪ বছর বয়সী শিশুর সংখ্যা ছিল ২১ কোটি ২৭ লাখ ৬০ হাজার, যা মোট জনসংখ্যার ১৫ দশমিক ১ শতাংশ। ওই বছর দেশটির মোট নির্ভরশীলতার হার ছিল ৪৫ দশমিক ১ শতাংশ। নির্ভরশীলতার হার বলতে কর্মক্ষম বয়সের জনগোষ্ঠীর তুলনায় কর্মক্ষম বয়সের বাইরের মানুষের অনুপাত বোঝায়। চীনের হিসাবে, ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে ধরা হয়। দেশটিতে প্রবীণ নির্ভরশীলতার হার কয়েক বছর ধরেই বাড়ছে। ২০১৬ সালে এই হার ছিল ১৫ শতাংশ। ২০২১ সালে তা বেড়ে ২০ দশমিক ৮ শতাংশে পৌঁছায়। ২০২৪ সালে হারটি ছিল ২২ দশমিক ৮ শতাংশ। সে বছর শিশু নির্ভরশীলতার হার ছিল ২৩ শতাংশ। ২০২৫ সালে এসে প্রথমবারের মতো প্রবীণদের এই হার শিশুদের ছাড়িয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধচ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধহরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩টি তেলবাহী জাহাজে আগুন