হাটহাজারীর গুমানমর্দ্দন ইউনিয়নে এক সপ্তাহের মধ্যে দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার দুটি চুরি হয়। এতে বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় গ্রাহকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বুধবার দিবাগত রাতে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বালুখালী মির্জির বাড়ির জামে মসজিদসংলগ্ন এলাকায় স্থাপিত পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি হয়। এর আগে গত শুক্রবার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গুমানমর্দ্দন নালান্দা বৌদ্ধবিহারসংলগ্ন স্থানে স্থাপিত আরেকটি ট্রান্সফরমার চুরি হয়। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় গরমের মধ্যে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। এদিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত মির্জাপুর গৌতমাশ্রম বৌদ্ধবিহারে তিনটি দানবাঙের টাকা চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে বিহারের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে আটাশ বুদ্ধের কক্ষের দরজার তালা ভাঙা হয়। এরপর গৌতম বুদ্ধের সিংহশয্যায় শায়িত প্রতিবিম্বের মন্দিরে ঢুকে তিনটি দানবাঙের টাকা চুরি করা হয়।
বিহারাধ্যক্ষ শাসনানন্দ মহাথেরো জানান, বিষয়টি জানার পর গত বুধবার রাতে থানা পুলিশ গৌতমাশ্রম বিহার পরিদর্শন করেছে। চুরির ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, গুমানমর্দ্দন নালান্দা বৌদ্ধবিহারসংলগ্ন এলাকা থেকে ট্রান্সফরমার চুরির বিষয়টি পল্লী বিদ্যুতের হাটহাজারী জোনাল অফিসকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির কর্মকর্তা দোলন বড়ুয়া।












