সকালে উচ্ছেদের পর বিকালে আবারো বসল দোকান, আটক ৩

জিইসি মোড় ফ্লাইওভারের নিচের এলাকায় অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

নগরের জিইসি মোড়ে সড়ক বিভাজকের সৌন্দর্যবর্ধনের জন্য নির্ধারিত স্থান ও মানুষের হাঁটা চলাচলের রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা করায় তিনজনকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকে আটক করে। এসময় জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ মালামালও। এর আগে সকালেও একই এলাকায় অভিযান চালায় চসিক। বিকেলে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান। সকালের অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল–৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার। চসিক সূত্রে জানা গেছে, সকালে অভিযান চালিয়ে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের সরিয়ে দেয়া হয়। একইসঙ্গে সতর্ক করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত চলে যাওয়ার পর আবারও ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো হয়।

বিকেলে পরিচালিত অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, সানমার ওশান সিটির সামনে সড়কের মাঝখানে সৌন্দর্যবর্ধনের জন্য নির্মিত বিভাজকের একটি অংশ দখল করে অবৈধভাবে সাতটি দোকান স্থাপন করা হয়েছে। দোকানগুলো স্থাপনের জন্য বিভাজকের নির্ধারিত জায়গায় ইট বিছিয়ে এবং অন্যান্য অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে সড়কের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলের পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। অভিযানে অবৈধ দোকানগুলোর মালামাল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জিইসি মোড়ে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ এদিকে গত রাত ৯টায় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক আজাদীকে বলেন, কর্পোরেশন থেকে বলা হয়েছে এজাহার দেয়া হবে। এজাহার দায়ের হলে আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে।

চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে। নগরের শৃক্সখলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং একটি পরিচ্ছন্ন, সুশৃক্সখল ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে চসিক প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধএবার নতুন বছরের আগেই নতুন বই পাবে শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধকুষ্টিয়ায় ৬ হত্যা : হানিফের প্রাণদণ্ড, তিনজনের আমৃত্যু সাজা