করেরহাট ইউপির সাবেক চেয়ারম্যান এনায়েতের বিরুদ্ধে দুদকের পৃথক ২টি মামলা

ভুয়া বিল তৈরি ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ভুয়া বিল তৈরি ও জালিয়াতির মাধ্যমে ১ শতাংশ করের উন্নয়ন প্রকল্পের ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা এবং অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের ৩০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ১ শতাংশ করের উন্নয়ন প্রকল্পের ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের মামলায় করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পরে মীরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়নসহ ১০ জন এবং ইজিপিপি প্রকল্পের ৩০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের মামলায় ১২ জনকে আসামি করা হয়েছে। এ মামলাতেও নয়নকে আসামি করা হয়। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়–২ এর উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। ৮৭ লাখ ৮০ হাজার ৫৮৩ টাকা আত্মসাতের মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংরক্ষিত নারী সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার ও তাহেরা বেগম এবং সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের (মাস্টার), মো. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. আজাদ উদ্দিন ও কোরবান আলী। ৩০ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের মামলার অন্য আসামিরা হলেন, ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য কল্পনা রানী চক্রবর্তী, শেলী মজুমদার, তাহেরা বেগম, সাবেক ইউপি সদস্য মো. শহীদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, ফেয়ার মিয়া মিন্টু, মো. মহিউদ্দিন, মো. সফি আহাম্মদ, মো. আজাদ উদ্দিন, কোরবান আলী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সাবেক উপসহকারী প্রকৌশলী মিলন বড়াল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৭–১৮ থেকে ২০২১–২২ অর্থবছর পর্যন্ত করেরহাট ইউনিয়ন পরিষদের ১ শতাংশ কর এবং ইজিপিপি প্রকল্পের নথি ও সংশ্লিষ্টদের বক্তব্য যাচাই করে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদকের অনুসন্ধানে প্রকল্পের অধিকাংশ ভাউচার জাল বলে প্রতীয়মান হয়েছে। প্রকল্প বাস্তবায়ন না করে ভুয়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের এ ঘটনা ঘটেছে উল্লেখ করে এজাহারে বলা হয়, ভাউচারে থাকা লেখা ও স্বাক্ষর তাদের নয়। এছাড়া প্রকল্প কমিটির সভার কার্যবিবরণী ও সংশ্লিষ্ট নথিতে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বাইরে অন্য সদস্যদের অধিকাংশ স্বাক্ষরও জাল। ১ শতাংশ করের অর্থে নেওয়া ৫৫টি প্রকল্প এবং ইজিপিপি প্রকল্পের ৩৫টি প্রকল্প বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে ছিলেন সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধকুষ্টিয়ায় ৬ হত্যা : হানিফের প্রাণদণ্ড, তিনজনের আমৃত্যু সাজা
পরবর্তী নিবন্ধক্লাসে ফিরলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক সমিতির