পোড়ানো হলো জব্দ করা ভাসা ও বেহুন্দি জাল

হালদায় অভিযান

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে গতকাল বুধবার অভিযান পরিচালনা করেছেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা। নদীর রামদাস মুন্সিরহাট থেকে মোহরা পর্যন্ত পরিচালিত অভিযানে দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী জানান, সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র, মা মাছের প্রজনন, পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে গতকাল মৎস্য অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। অভিযানে হালদা অস্থায়ী ক্যাম্পের এএস আই রমজান আলী ও তার ফোর্স সহযোগিতা করে। অভিযানকালে হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর সহযোগিতা করেন। হালদা নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়। অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ২ হাজার মিটার এবং বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে হালদা নদী কার্পসহ সকল মাছের নিরাপদ আশ্রয়স্থল হবে। হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্মক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জালগুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদাপাড়ে নষ্ট করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ সাম্য, সমপ্রীতি ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে চাই
পরবর্তী নিবন্ধপ্রভাকর-মঞ্জুরিকা উন্মুক্ত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা