চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (সিবিইউএফটি) নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. ওবায়দুল করিম। তিনি বলেন, নজরুল কবিতা, গান, রচনার মাধ্যমে মানুষের মধ্যে জাগরণ, অনুপ্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছেন। তাঁর সব লেখনীতে বাস্তবতা ও সংস্কার ধর্মী দর্শন কাজ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিবিইউএফটি’র ট্রেজারার অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। তিনি বলেন, নজরুলের পুরো জীবনী আমাদের সমাজের প্রতিচ্ছবি। তাঁর জীবনের প্রতিটি বাঁকে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও অনুপ্রেরণা। সিবিইউএফটি র এফসিএফটি ফ্যাকাল্টির ডিন ও নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মোরশেদ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর কাজী নাজমুল হুদা, এফএফএডি ফ্যাকাল্টির ডিন মশিউর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইফুল আলম, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে নজরুল বর্ষ উদযাপনের বিভিন্ন পর্যায়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। –প্রেস বিজ্ঞপ্তি।










