নগরীর খুলশীর আলোচিত ওয়াকিল হোসেন বগা ও তার ১২ সহযোগীকে পুলিশের ওপর হামলার একটি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান সরকার এ আদেশ দিয়েছেন। এর আগে উচ্চ আদালতের জামিন শেষে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন বগা’র ১২ সহযোগী। একই সময় আগে থেকে কারাগারে থাকা বগা’ ও হাজির হয়ে জামিন চেয়ে (তিনিও পুলিশের উপর হামলা মামলায় জামিনে ছিলেন) আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের আবেদন নাকচ করে দেন।
আদালতে থাকা নগর পুলিশের প্রসিকিউশন শাখার সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার পাশাপাশি চাঁদাবাজির একটি মামলাতেও হাজির হয়ে জামিন চেয়ে আবেদন করেছিলেন বগা। আদালত সেটিও নাকচ করে দেন। এর আগে গত ১৮ অক্টোবর অপর একটি চাঁদাবাজির মামলায় আত্মসমর্পণ করলে বগাকে কারাগারে পাঠানো হয়। তখন থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পুলিশ জানায়, পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে হওয়া একটি মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানা পুলিশ বগাকে আটক করতে ওয়্যারলেস কলোনি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বগার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়। পুলিশের সূত্র বলছে, চাঁদাবাজি, মাদক, মারামারি, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পদ ভাঙচুর ও বিস্ফোরকসংক্রান্ত অভিযোগে খুলশীসহ আশপাশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ২৩ টি মামলার আসামি ওয়াকিল হোসেন বগা ওরফে বিহারী বগা।












