জনমত জরিপকে ভুয়া বলে নিজের জনপ্রিয়তা ৬০% দাবি করলেন ট্রাম্প

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জনমত জরিপগুলোতে জনপ্রিয়তা কমে যাওয়ার তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, দেশটিতে তার জনসমর্থন আসলে প্রায় ৬০ শতাংশের কাছাকাছি এবং আমেরিকানদের এই বক্তব্যেই আস্থা রাখা উচিত। খবর বিডিনিউজের।

দ্য ওয়াশিংটন এক্সামিনার–এর সাংবাদিক বায়রন ইয়র্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। সাক্ষাৎকারটি শনিবার প্রকাশিত হয়েছে। সংবাদভিত্তিক ওয়েবসাইট রিয়েলক্লিয়ারপলিটিক্স–এর জরিপ গড় অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি ৩৮ দশমিক ৮ শতাংশ মার্কিনি সমর্থন জানালেও ৬০ দশমিক ৪ শতাংশ তা প্রত্যাখ্যান করেছেন, এমন তথ্য তুলে ধরা হলে তিনি সেটিকে সরাসরি ভুয়া বলে মন্তব্য করেন। প্রকৃত সমর্থন কত হতে পারে জানতে চাওয়া হলে ট্রাম্প দাবি করেন তার সমর্থন এর চেয়ে অনেক বেশি। ট্রাম্প বলেন, কাজের অনুমোদন হিসেবে তারা বলছে ৩৭ বা ৩৮ শতাংশ? আমি ৩৮–এ নেই।

আমার বিশ্বাস আমাকে কেউ হারাতে পারবে না। যদি আমার প্রয়োজন হত, যা আমার নেই, আমি মনে করি তা ৬০ শতাংশ। নিজের দাবির সপক্ষে রিপাবলিকান ভোটার এবং মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) সমর্থকদের মধ্যে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন ট্রাম্প। তবে জাতীয় পর্যায়ের ধারাবাহিক জরিপগুলোতে প্রেসিডেন্টের অবস্থান নিয়ে তুলনামূলক প্রতিকূল চিত্রই দেখা গেছে। ১৬ থেকে ১৯ অক্টোবর পরিচালিত রয়টার্স/ইপসোসের এক যৌথ জরিপে দেখা গেছে, মাত্র ৩৪ শতাংশ আমেরিকান ট্রাম্পের কাজ সমর্থন করেন এবং ৬৫ শতাংশ তা অপছন্দ করেন। এছাড়া, ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে মাত্র ৩০ শতাংশ আমেরিকান তার কাজের অনুমোদন দিয়েছেন, যেখানে ৬৮ শতাংশই অসন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধটাইগার শ্রফ নয়, হামলাকারীদের নিশানায় ছিলেন আমির
পরবর্তী নিবন্ধব্রাজিলের নির্বাচনে লুলার জয়