চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে চুরির অভিযোগে মো. হাসান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটলেও আজ সোমবার সকালে চান্দগাঁওয়ের ৫ নম্বর মোহরা ওয়ার্ডের সিএন্ডবি আট গাছতলা এলাকার একটি জঙ্গল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত হাসানের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তাঁর বাবার নাম মৃত শাহ আলম। তিনি চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশার গ্যারেজে চুরির অভিযোগে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি হাসানকে গতকাল রবিবার রাতে ধরে নিয়ে যায়। পরে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হলে মরদেহ গোপন করার উদ্দেশ্যে জঙ্গলে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার সকালে জঙ্গলে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে চান্দগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে ওই যুবককে ধরে নিয়ে মারধর করা হয়েছিল। কারা এবং কী কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
তিনি আরও জানান, নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।












