খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেটজাত করে বাজারজাত করায় নগরের ফলমণ্ডিতে ‘তুহিন এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়–বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় আরো তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অস্বাস্থ্যকর পরিবেশের দেওয়ানহাটের একটি হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ক্রয়–বিক্রয়ের ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করায় দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ‘মেসার্স আল্লাহওয়ালা এন্টারপ্রাইজ’ ও ‘মেসার্স অ্যান্ড ব্রাদার্স’কে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা ও ‘মেসার্স রাউজান এন্টারপ্রাইজ’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবার তৈরিতে নিষিদ্ধ কাশ্মীরি মরিচ ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত করার দায়ে দেওয়ানহাটের তায়েফ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজার তদারকিতে নেমে বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিককে ৫৪ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এর মধ্যে মোড়কজাতকরণের বিধি অনুসরণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুরে তেল মেখে প্যাকেটজাত ও বাজারজাত করছিল তুহিন এন্টারপ্রাইজ।












