জানা গেল ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ৮:৫৬ অপরাহ্ণ

২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, রমজান মাস ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রমজান মাস ২৯ দিনের হলে ৯ মার্চ মঙ্গলবার এবং ৩০ দিনের হলে ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

শনিবার (১০ অক্টোবর) সূর্যাস্তের পর স্থানীয় সময় আনুমানিক সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ১১ অক্টোবর রোববার সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ খালি চোখে দেখা যেতে পারে। এর ফলে ১২ অক্টোবর সোমবার থেকে ১৪৪৮ হিজরির জমাদিউল আউয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

জমাদিউল আউয়াল মাস শুরু হলে পবিত্র রমজান আসতে বাকি থাকবে চার চন্দ্রমাস। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।

ইব্রাহিম আল জারওয়ান জানান, ইসলামি চন্দ্রবর্ষের অন্যতম বৈশিষ্ট্য হলো চাঁদের দৃশ্যমান অবস্থার পরিবর্তন পর্যবেক্ষণ করে মাসের বিভিন্ন পর্যায় সম্পর্কে ধারণা পাওয়া যায়। চাঁদের প্রথম কলা, প্রথম চতুর্থাংশ ও পূর্ণিমার মতো পর্যায়গুলো চন্দ্রমাসের হিসাব রাখতে সহায়তা করে। একপর্যায়ে চাঁদ ক্ষয় হতে হতে অদৃশ্য হয়ে যায় এবং নতুন চন্দ্রমাসের সূচনা হয়।

চাঁদের এসব দৃশ্যমান পরিবর্তন প্রাচীনকাল থেকেই চন্দ্রমাস গণনার প্রাকৃতিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ইসলামি বর্ষপঞ্জিও চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী নির্ধারিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডেঙ্গুতে প্রাণ গেল আরো এক শিশুর