ইলিশ সম্পদ সংরক্ষণে প্রতিবছরের ন্যায় এ বছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ পালিত হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়–বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে। পাশাপাশি সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক ইলিশসহ সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের ঘোষিত এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্র, নদী ও উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬ বাস্তবায়নে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট ৯টি জেলায় টহল ও মনিটরিং কার্যক্রমে নিয়োজিত রয়েছে।
গভীর সমুদ্রে দেশি–বিদেশি সকল প্রকার মৎস্যযান ও শিকারীদের অবৈধ অনুপ্রবেশ বন্ধে নৌবাহিনীর জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ার ক্রাফট্ এর মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের জাহাজ, ক্রাফ্ট, বোট ও কন্টিনজেন্ট সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ নদ–নদীসহ ইলিশের প্রধান প্রজনন অঞ্চলে মোতায়েন রয়েছে। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে অবৈধ ইলিশ আহরণ ও বিদেশি মাছ ধরার ট্রলারের অনুপ্রবেশ প্রতিরোধ করবে।












