ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে : মেয়র

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাঠে কাজ করছে। তবে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর স্বতঃস্ফূর্ত সচেতনতা ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত জরুরি। প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ ও আশপাশ পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।

তিনি গতকাল বুধবার ২৫নং রামপুর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত বিশেষ ক্রাশ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চসিকের আয়োজিত এ কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, ওষুধ ছিটানো এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমটি সফল করতে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে সহযোগিতা করে ২৫নং রামপুর ওয়ার্ড বিএনপি।

মেয়র বলেন, চসিক ৪১টি ওয়ার্ডে বিশেষ মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনা করছে। প্রতিটি ওয়ার্ডে সমন্বিতভাবে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বাসাবাড়ির ছাদ, নির্মাণাধীন ভবন, বেজমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ছাদবাগান এবং পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ‘বাবা সোলায়মানের’ এক বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধহালদা রক্ষায় সচেতনতা বাড়াতে সেমিনার