বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘বাবা সোলায়মান’ নামে পরিচিত এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক তাকে এ সাজা দেন। অভিযানে সহযোগিতা করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদসহ পুলিশের সদস্যরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সারোয়াতলী ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোলায়মানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক বলেন, বোয়ালখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে।












