সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় ইয়াছমিন আক্তার (৩৬) নামের এক গৃহবধূ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর এলাকার সাবেক মেম্বার মো. জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সকালে গৃহবধূ ইয়াছমিন আক্তারের শরীরে একটু জ্বর অনুভব হলে তাকে ভাটিয়ারীর বিএসবিআরএ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখাসে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

গৃহবধূর আত্মীয় মো. সালাউদ্দিন জানান, গত সোমবার ইয়াছমিন আক্তার জ্বরে আক্রান্ত হলে তাকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএসবিআরএ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। বুধবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু ঘটে। একইদিন আসরের নামাজের পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনকশা ছাড়া ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিধিমালা করছে গণপূর্ত
পরবর্তী নিবন্ধসারা দেশে একদিনে ডেঙ্গুতে আট, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু